দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ! কোন কোন জেলায় জারি সতর্কতা? জানুন আজকের আবহাওয়ার বিস্তারিত

দক্ষিণবঙ্গে বর্ষা আসন্ন! হাওয়া অফিস জানাল কোন কোন জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কলকাতার আবহাওয়া ও উত্তরবঙ্গের পূর্বাভাস জানুন।

Share:

ব্যুরো নিউজ, ১৪ জুন ২০২৬ : দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ আসন্ন। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তার আগে থেকেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, যার ফলে একের পর এক জেলায় ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়ছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। রবিবার দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। বীরভূম, নদিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় কালবৈশাখীর আশঙ্কা বেশি। এই সব এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সোমবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে গরমের অস্বস্তি পুরোপুরি কমবে না। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু এলাকায় ঝড়ের গতি ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। মঙ্গলবার ও বুধবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।