ব্যুরো নিউজ, ১৪ জুন ২০২৬ : ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে হতাশ করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সাম্বা ছন্দের বদলে দেখা গেল ছন্নছাড়া, ছন্দহীন ফুটবল। কার্লো অ্যান্সেলোত্তির দল প্রথমার্ধে একেবারেই নিজেদের মেলে ধরতে পারেনি, যা সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
ম্যাচের ২১ মিনিটে মরক্কোর ব্রাহিম দিয়াজের অসাধারণ পাস থেকে ইসমাইল সাইবাড়ি গোল করে দলকে এগিয়ে দেন, যা ব্রাজিলের রক্ষণভাগের দুর্বলতা প্রকট করে তোলে। তবে, ৩২ মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে ভিনিসিয়াস জুনিয়র বাঁ প্রান্ত থেকে এক অসাধারণ গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান। তাঁর ‘ম্যাজিক মোমেন্ট’ই ছিল প্রথমার্ধে ব্রাজিলের একমাত্র উজ্জ্বল দিক। দ্বিতীয়ার্ধে অ্যান্সেলোত্তি দলে কিছু পরিবর্তন আনলেও ব্রাজিলের খেলায় সেই পরিচিত আক্রমণাত্মক ধার দেখা যায়নি। লুকাস পাকেতা, মারকুইনহস বা রাফিনিয়ারা মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হন। নেইমারের অনুপস্থিতি ফাইনাল থার্ডে স্পষ্ট ছিল, যেখানে সৃষ্টিশীলতার অভাব বারবার চোখে পড়েছে। রাফিনিয়া ফাঁকা গোল পেয়েও মরক্কো গোলকিপারের হাতে মেরে সহজ সুযোগ নষ্ট করেন।
অন্যদিকে, মরক্কো তাদের হাই-প্রেসিং ফুটবল এবং দ্রুত পাসের মাধ্যমে ব্রাজিলের রক্ষণকে বারবার চাপে ফেলেছিল। ম্যাচের শেষদিকে অ্যালিসনের অনবদ্য সেভ না থাকলে ফল অন্যরকমও হতে পারত। এই ড্র ব্রাজিলের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা, যেখানে দলগত পারফরম্যান্সে অনেক উন্নতির প্রয়োজন। মরক্কো অবশ্য প্রমাণ করল, তারা আর ‘ডার্ক হর্স’ নয়, বরং বিশ্ব ফুটবলের এক প্রতিষ্ঠিত শক্তি।








