ব্যুরো নিউজ, ১৪ জুন ২০২৬ : দুর্নীতির অভিযোগে ফের একবার জনরোষের শিকার হলেন শাসকদলের এক নেত্রী। পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা বাইন সরকারের গলায় জুতোর মালা পরিয়ে এবং তাঁকে লক্ষ্য করে দেদার ডিম ছুড়ে ‘ডিম থেরাপি’ দিলেন উত্তেজিত গ্রামবাসীরা। একশো দিনের কাজ ও ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগে শুক্রবার রাতে কাটোয়ার একাইহাট এলাকায় এই ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে আসরে নামতে হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই কণিকা বাইন সরকারের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক অনিয়মের অভিযোগ জমা হচ্ছিল এলাকাবাসীর মনে। শুক্রবার রাতে সেই পুঞ্জীভূত ক্ষোভেরই বিস্ফোরণ ঘটে। বিক্ষুব্ধ বাসিন্দারা কণিকাদেবীর বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে উত্তেজিত জনতা কণিকাদেবীকে ধরে তাঁর গলায় জুতোর মালা পরিয়ে দেয় এবং তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুড়তে শুরু করে। পরবর্তীতে প্রতারিত বাসিন্দারা কণিকাদেবীর বিরুদ্ধে কাটোয়া থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন। যদিও কণিকাদেবী তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর পালটা দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে কিছু মানুষ তাঁর বাড়িতে এসে তাঁর এবং তাঁর মেয়ের ওপর চড়াও হয়ে মারধর ও নিগ্রহ করেছে। একশো দিনের কাজের বকেয়া টাকার বিষয়ে তাঁর কোনো ভূমিকা নেই বলেও তিনি জানান।
এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় বিজেপি নেতা চঞ্চল মণ্ডল কটাক্ষ করে বলেন, “মানুষ এখন ওঁর পাপের হিসাব নিচ্ছে।” ঘটনার জেরে এলাকায় চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে এবং কাটোয়া থানার পুলিশ পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে।








