বর্ধমানে বিজেপি নেতার বাড়ির সামনে ‘তৃণমূল কর্মীদের প্রবেশ নিষেধ’ ব্যানার, রাজনৈতিক তরজা তুঙ্গে

বর্ধমানে বিজেপি নেতার বাড়ির সামনে 'তৃণমূল কর্মীদের প্রবেশ নিষেধ' ব্যানার ঘিরে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা মানস কুমার দে-র দাবি, পালাবদলের পর তৃণমূল কর্মীরা দলে আসতে চাইছেন।

Share:

ব্যুরো নিউজ, ১৪ জুন ২০২৬ঃ রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কর্মীদের বিজেপিতে যোগদানের আগ্রহকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। বর্ধমান শহরের শাঁকারিপুকুর এলাকায় এক বিজেপি নেতার বাড়ির সামনে টাঙানো ব্যানার ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। ব্যানারে স্পষ্ট লেখা রয়েছে, “তৃণমূল কর্মীদের প্রবেশ নিষেধ”। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিজেপির ৪ নম্বর নগর মণ্ডলের সহ-সভাপতি মানস কুমার দে তাঁর বাড়ির গেটে এই ব্যানারটি লাগিয়েছেন।

তাঁর দাবি, রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি বদলানোর পর বহু তৃণমূল কর্মী ও সমর্থক নানা অনুরোধ নিয়ে তাঁর বাড়িতে আসছেন। তাঁদের দলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন। মানসবাবু স্পষ্ট জানিয়েছেন, যাঁদের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন, তাঁদের বিজেপিতে নেওয়ার কোনও প্রয়োজন নেই। এই বার্তা দিতেই তিনি এই পদক্ষেপ করেছেন। তাঁর কথায়, “দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে রয়েছি। অতীতে বিজেপি কর্মীদের একাধিক প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। এখন পরিস্থিতি বদলাতে অনেকেই যোগাযোগ করছেন। কিন্তু যাঁদের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন, তাঁদের দলে নেওয়ার কোনও প্রয়োজন নেই। সেই বার্তাই দিতে চেয়েছি।”

এই ব্যানারটি টাঙানোর পর থেকেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে, এই ঘটনা যে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে নতুন করে বাগযুদ্ধ শুরু করবে, তা বলাই বাহুল্য। মানস কুমার দে-র এই সাহসী পদক্ষেপ একদিকে যেমন তাঁর দলের কর্মীদের মধ্যে উদ্দীপনা বাড়াচ্ছে, তেমনই তৃণমূলের অন্দরেও অস্বস্তি বাড়াচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই ঘটনা আগামী দিনে বর্ধমানের রাজনৈতিক সমীকরণকে কতটা প্রভাবিত করে, সেটাই এখন দেখার।