ব্যুরো নিউজ, ১৪ জুন ২০২৬ঃ কমনওয়েলথ গেমসের জন্য ভারতের ৩২ সদস্যের অ্যাথলেটিক্স দল ঘোষণা করা হয়েছে। এই দলে অলিম্পিক সোনাজয়ী জ্যাভলিন তারকা নীরজ চোপড়াকে শর্তসাপেক্ষে অন্তর্ভুক্ত করা হয়েছে। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া (AFI) রবিবার এই দল ঘোষণা করেছে। চোট কাটিয়ে ট্র্যাকে ফেরার অপেক্ষায় থাকা নীরজের ফিটনেস নিয়ে উদ্বেগ ছিল। তাই মেগা ইভেন্টে নামার আগে তাঁকে পুরোপুরি ফিট হয়ে ওঠার শর্ত দেওয়া হয়েছে।
এই শর্তসাপেক্ষ অন্তর্ভুক্তি নিয়ে ক্রীড়ামহলে আলোচনা শুরু হয়েছে। দলে রয়েছেন জাতীয় ১০০ মিটার রেকর্ড নিয়ে একে অপরকে টক্কর দেওয়া স্প্রিন্টার গুরিন্দরবীর সিং এবং অনিমেষ কুজুর। এছাড়াও, ডেকাথলিট তেজস্বিন শঙ্কর, শটপুটার তাজিন্দরপাল সিং তুর, হাই জাম্পার সর্বেশ কুশারে-সহ একাধিক তারকা অ্যাথলিট সুযোগ পেয়েছেন। চলতি বছর মে মাসে রাঁচিতে ফেডারেশন কাপে বেশ কিছু ভারতীয় অ্যাথলিট জাতীয় রেকর্ড ভেঙে কমনওয়েলথ গেমসের যোগ্যতা অর্জন করেছিলেন।
তবে পুরুষদের ৪x১০০ মিটার রিলে দল বতসোয়ানায় ওয়ার্ল্ড রিলেসে ব্যাটন বদলের সময় তৃতীয় লেগের অ্যাথলিট রাগুল কুমার পড়ে যাওয়ায় ডিসকোয়ালিফাই হয়ে সুযোগ হারায়। পরে হিট-৩-এ দারুণভাবে ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত সফল হতে পারেনি। নীরজের উপস্থিতি নিঃসন্দেহে দলের মনোবল বাড়াবে, যদি তিনি সম্পূর্ণ ফিট হয়ে মাঠে নামতে পারেন।








