বিশ্বকাপের মাঝেই চমক! বার্সেলোনার প্রাক্তন তারকা মার্ক কুকুরেইয়াকে সই করাল রিয়াল মাদ্রিদ

বিশ্বকাপের মাঝেই রিয়াল মাদ্রিদের বড় চমক! বার্সেলোনার প্রাক্তন তারকা মার্ক কুকুরেইয়াকে সই করাল লস ব্ল্যাঙ্কোসরা। চেলসি থেকে ৬ বছরের চুক্তিতে এলেন তিনি।

Share:

ব্যুরো নিউজ, ১৫ জুন ২০২৬ঃ ফুটবল বিশ্বে ফের বড় চমক। চলমান বিশ্বকাপের মাঝেই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ সই করাল প্রাক্তন বার্সেলোনা তারকা মার্ক কুকুরেইয়াকে। চেলসি থেকে এই তারকা লেফট ব্যাককে ছয় বছরের চুক্তিতে দলে নিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালের জার্সিতে দেখা যাবে কুকুরেইয়াকে। সাধারণত বার্সেলোনার প্রাক্তন কোনও ফুটবলারকে রিয়াল মাদ্রিদের দলে নিতে দেখা যায় না। সাম্প্রতিক অতীতে এমন ঘটনা বিরল। সেই প্রথা ভেঙে এবার রিয়াল মাদ্রিদ এই পদক্ষেপ নিল। সোমবার আনুষ্ঠানিকভাবে এই চুক্তির কথা ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ।

যদিও ট্রান্সফারের আর্থিক অঙ্ক প্রকাশ করা হয়নি, তবে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলির দাবি অনুযায়ী, এই চুক্তির মূল্য প্রায় ৫৫ মিলিয়ন ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬০৫ কোটি টাকার সমান। বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া অ্যাকাডেমি থেকে উঠে এসেছিলেন মার্ক কুকুরেইয়া। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি বার্সার সঙ্গে যুক্ত ছিলেন। এরপর এইবার ও গেতাফেতে লোনে খেলেন। সিনিয়র পর্যায়ে ব্রাইটন ও চেলসিতে নিজের পরিচিতি গড়ে তোলেন। এখন রিয়ালের হয়ে তাঁর সামনে নতুন চ্যালেঞ্জ।

উল্লেখ্য, বিশ্বকাপের জন্য স্পেনের স্কোয়াড ঘোষণার সময় রিয়াল মাদ্রিদের কোনও ফুটবলার দলে না থাকায় চর্চা হয়েছিল। কুকুরেইয়াকে সই করানোর ফলে স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে রিয়াল মাদ্রিদের একজন ফুটবলার রয়েছেন, তা বলা যায়। এর আগে লুইস ফিগো, রোনাল্ডো নাজ়ারিও, স্যামুয়েল এটোর মতো মোট ৩১ জন ফুটবলার বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ উভয় ক্লাবের হয়ে খেলেছেন। এবার সেই এলিট তালিকায় নাম জুড়ল মার্ক কুকুরেইয়ার।