ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬: আন্তর্জাতিক আইন কি আমেরিকার সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে? এই প্রশ্ন তুলেই আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) এবং রাষ্ট্রসংঘের বিরুদ্ধে সরব হলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। শুক্রবার ওয়াশিংটনে রক্ষণশীল আইনজীবীদের সংগঠন ফেডারেলিস্ট সোসাইটির জাতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আন্তর্জাতিক আদালতের এক্তিয়ার ও কার্যকলাপ নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি।
রুবিওর অভিযোগ, আন্তর্জাতিক আইনকে ব্যবহার করে আমেরিকার বিদেশনীতি এবং সামরিক পদক্ষেপের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে আন্তর্জাতিক মহলের একাংশ। তাঁর দাবি, আন্তর্জাতিক আইন কোনও নিরপেক্ষ নিয়মের কাঠামো নয়, বরং তথাকথিত বিশ্ব অভিজাতদের স্বার্থ রক্ষার হাতিয়ার হয়ে উঠেছে।
বক্তব্যে তিনি ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর আটক করা এবং ক্যারিবিয়ান অঞ্চলে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌকার বিরুদ্ধে সামরিক অভিযানের প্রসঙ্গ তোলেন। এই পদক্ষেপগুলির বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ ওঠায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এমনকী আমেরিকা কখনও ICC-র কর্তৃত্ব মেনে নিতে সম্মত হয়নি বলেও দাবি করেন রুবিও। আদালত যদি মার্কিন নাগরিকদের বিরুদ্ধে রায় কার্যকর করতে যায়, তাহলে ওয়াশিংটন শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে বলেও সতর্ক করেন তিনি।
উল্লেখ্য, ২০০২ সালে প্রতিষ্ঠিত ICC যুদ্ধাপরাধ, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের বিচারের দায়িত্ব পালন করে। তবে আমেরিকা রোম সংবিধিতে স্বাক্ষর করলেও তা অনুমোদন করেনি। ফলে আন্তর্জাতিক আদালতের সঙ্গে ওয়াশিংটনের সংঘাত নতুন করে কূটনৈতিক বিতর্ক তৈরি করেছে।









