ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬: কলকাতা হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে জানিয়েছে যে, সরকার বদলের অজুহাতে মিজোরাম সরকার কলকাতার একটি সম্পত্তি বিক্রি বাতিল করতে পারবে না। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, একবার পুরো টাকা গ্রহণ করার পর এবং চুক্তি কার্যকর হওয়ার পর শুধুমাত্র রাজনৈতিক পালাবদলের কারণে জমি বিক্রি থেকে সরে আসা যায় না।
বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ও অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ এই ঘটনাকে ‘রেজিম রিভেঞ্জ’ বা ‘ক্ষমতার বদলা’ বলে আখ্যায়িত করেছে, যা সরকারের পক্ষে কাম্য নয়। কলকাতার আশুতোষ চৌধুরী অ্যাভিনিউতে অবস্থিত মিজোরাম হাউস নামে পরিচিত এই সম্পত্তিটি প্রায় ৩৮.৩ কোটি টাকায় একটি বেসরকারি সংস্থাকে (Excel Vincom Private Limited) বিক্রি করার চুক্তি হয়েছিল। ২০২৩ সালের মে মাসে ই-টেন্ডারের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয় এবং অক্টোবরে চুক্তি সম্পাদিত হয়। কিন্তু ডিসেম্বরে নতুন সরকার ক্ষমতায় আসার পর কলকাতা মিজো স্টুডেন্টস এবং ক্যালকাটা মিজো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আপত্তির ভিত্তিতে জনস্বার্থের কারণ দেখিয়ে এই চুক্তি বাতিল করার চেষ্টা করে। তাদের দাবি ছিল, এই সম্পত্তির ঐতিহাসিক ও ঐতিহ্যগত গুরুত্ব রয়েছে। তবে আদালত এই যুক্তি খারিজ করে দিয়েছে।
হাইকোর্ট জানিয়েছে, মিজোরাম সরকার কেবল বিক্রির পুরো অর্থই গ্রহণ করেনি, বরং দেরিতে কিস্তি জমা দেওয়ার জন্য জরিমানাও নিয়েছে। এই পরিস্থিতিতে চুক্তি বাতিলের কোনো যৌক্তিক কারণ নেই। কলকাতা হাইকোর্ট মিজোরাম সরকারকে আট সপ্তাহের মধ্যে ওই সম্পত্তির বিক্রয় চুক্তি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। এই রায় রাজ্য সরকারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এক কড়া বার্তা এবং নাগরিকদের প্রতি সরকারের দায়বদ্ধতার উপর জোর দেয়।









