ব্যুরো নিউজ, ১৫ জুন ২০২৬ঃ ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর আগে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে ইবোলা সংক্রমণের ভয়াবহ বৃদ্ধি বিশ্ব ফুটবলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। একদিনেই ৭২ জন নতুন করে এই মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এবারের বিশ্বকাপে কঙ্গোর অংশগ্রহণের কথা রয়েছে, যা মার্কিন প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে বাধ্য করেছে।
জানা গিয়েছে, আগামী বুধবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা কঙ্গোর। তার আগে ইবোলা সংক্রমণের আশঙ্কায় দলের মার্কিন যুক্তরাষ্ট্রে অনুশীলন শিবির বাতিল করা হয়েছে। চিলির বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচও বাতিল হয়ে যায়। মার্কিন প্রশাসনের নির্দেশ অনুযায়ী, কঙ্গোর গোটা দলকে ২১ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে, অন্যথায় আমেরিকায় প্রবেশাধিকার মিলবে না। বেলজিয়ামে নিভৃতবাস কাটিয়ে কঙ্গো দল আমেরিকায় পৌঁছালেও, কঙ্গো থেকে আসা ফুটবলপ্রেমীদের মার্কিন মুলুকে প্রবেশাধিকার নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
মার্কিন জনস্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, বিশ্বকাপ উপলক্ষে ৬৫ লক্ষ ফুটবলপ্রেমী আমেরিকায় আসবেন, তাই ইবোলা সংক্রমণ রুখতে সবরকম কড়া নজরদারি চালানো হবে। যদিও মার্কিন কর্তৃপক্ষ মনে করছে, ইবোলা বাতাসের মাধ্যমে ছড়ায় না বলে সংক্রমণের সম্ভাবনা তুলনামূলকভাবে কম। গত ১৫ মে প্রথমবার কঙ্গোয় ইবোলা সংক্রমণের খবর প্রকাশ্যে আসে। এক মাসের মধ্যে আক্রান্তের সংখ্যা ৭৮২-তে পৌঁছেছে, যার মধ্যে ১৮১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৩২ জনের মৃত্যু হয়েছে রবিবার। আফ্রিকার অন্যান্য কয়েকটি দেশেও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।







