ফিফা বিশ্বকাপ ২০২৬: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত প্রত্যাবর্তন, পিছিয়ে পড়েও ড্র ইরানের

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ জি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল ইরান। দু'বার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন দেখাল তারা।

Share:

ব্যুরো নিউজ, ১৬ জুন ২০২৬ঃ লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ জি ম্যাচে এক নাটকীয় লড়াইয়ে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করল ইরান। দু’বার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে পয়েন্ট ছিনিয়ে নিল তারা। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে খেলা জমে ওঠে। ম্যাচের সপ্তম মিনিটেই এলিজা জাস্টের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড, যা ইরানের সমর্থকদের কিছুটা হতাশ করে। তবে ৩২ মিনিটে রামিন রেজাইয়ানের গোলে সমতা ফেরায় ইরান, প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের ধাক্কা খায় ইরান। ম্যাচের ৫৫ মিনিটে এলিজা জাস্ট তাঁর দ্বিতীয় গোল করে কিউয়িদের আবার এগিয়ে দেন।

কিন্তু এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নিউজিল্যান্ড। মাত্র নয় মিনিটের মধ্যেই মহম্মদ মোহেব্বি গোল করে ইরানের হয়ে ফের সমতা ফেরান। এরপর আর কোনো গোল না হওয়ায় ম্যাচটি ২-২ ড্র হয়। এই ড্রয়ের ফলে গ্রুপ জি-তে উত্তেজনা আরও বাড়ল। এর আগে এই গ্রুপের অন্য ম্যাচে বেলজিয়াম ও মিশর ১-১ গোলে ড্র করেছিল। ফলে প্রথম রাউন্ডের খেলা শেষে গ্রুপ জি-এর চারটি দলই এক পয়েন্ট করে অর্জন করেছে। নক-আউটে পৌঁছনোর লড়াইয়ে প্রতিটি দলের কাছেই এখন পরের ম্যাচগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইরানের এই লড়াকু মানসিকতা তাদের পরবর্তী ম্যাচগুলিতে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।