মমতার জেড প্লাস নিরাপত্তা অটুট, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে ‘বায়না’ মানল না নবান্ন

মমতা বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা অটুট। তবে তাঁর ব্যক্তিগত পছন্দের দুই নিরাপত্তারক্ষীকে বহাল রাখার অনুরোধ সরকার শোনেনি। নবান্ন সূত্রে খবর...

Share:

ব্যুরো নিউজ, ১৮ জুন ২০২৬ঃ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা বহাল রয়েছে। তবে তাঁর ব্যক্তিগত পছন্দের দুই নিরাপত্তারক্ষীকে বহাল রাখার অনুরোধ সরকার শোনেনি। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তাঁর বাড়ির আশেপাশে পর্যাপ্ত পুলিশি প্রহরা রয়েছে।

বুধবার রাতে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ফেসবুক লাইভে অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কোনও নিরাপত্তারক্ষী নেই এবং তাঁর দুই বিশ্বস্ত ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (পিএসও) স্বরূপ গোস্বামী ও কুসুম কুমার দ্বিবেদীকেও সরিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগের পরই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। তবে নবান্নের শীর্ষ কর্তারা স্পষ্ট জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা তুলে নেওয়ার দাবি সত্য নয়।

প্রশাসন সূত্রের খবর, শুভেন্দু অধিকারী নবান্নে আসার পরই রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর যেন কোনও অসুবিধা না হয় এবং তাঁর নিরাপত্তায় যেন কোনও ত্রুটি না থাকে। নবান্নের দাবি, শুভেন্দুর সেই নির্দেশ মেনেই জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা অক্ষরে অক্ষরে বজায় রাখা হয়েছে। সমস্যা তৈরি হয়েছে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিশেষ ‘বায়না’ ঘিরে।

তাঁর দাবি, স্বরূপ গোস্বামী ও কুসুম কুমার দ্বিবেদীকেই ব্যক্তিগত নিরাপত্তায় রাখতে হবে। কিন্তু সরকারি ডিউটি রোস্টার অনুযায়ী অফিসার বদল হয়, যেখানে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ভিত্তিতে অনুরোধ শোনার কোনও নিয়ম নেই। অতীতে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও একই নিয়ম মানা হয়েছিল বলে নবান্ন সূত্রে দাবি।