ঋতব্রত শিবিরে ফিরহাদ: বিধানসভায় নতুন বিধায়কদের প্রশিক্ষক ববি, বাড়ছে জল্পনা

ফিরহাদ হাকিম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নতুন বিধায়কদের প্রশিক্ষণ দিলেন। তৃণমূলের অন্দরে রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা তুঙ্গে। বিস্তারিত জানুন।

Share:

ব্যুরো নিউজ, ২০ জুন ২০২৬ঃ বিধানসভার অন্দরে তৃণমূলের রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। সম্প্রতি ফিরহাদ হাকিমকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে দেখা যাওয়ার পর এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ হল। শুক্রবার ঋতব্রত শিবিরের নতুন বিধায়কদের জন্য আয়োজিত একটি প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষকের ভূমিকায় দেখা গেল ফিরহাদ হাকিমকে। এই ঘটনা রাজ্যের রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বর্তমানে বিধানসভায় তৃণমূলের অভ্যন্তরে একাধিক গোষ্ঠীর অস্তিত্ব নিয়ে আলোচনা চলছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাদের ঘনিষ্ঠ বেশ কয়েকজন নতুন বিধায়ক এবার প্রথমবার বিধানসভায় এসেছেন। তাঁদের বিধানসভার কাজকর্ম সম্পর্কে ধারণা দিতেই শুক্রবার এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। বিধানসভার অধিবেশন শেষ হওয়ার পর বিরোধী দলনেতার ঘরে প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই কর্মসূচি। নতুন বিধায়কদের শেখানো হয় কীভাবে বিধানসভায় বক্তব্য রাখতে হয়, প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে হয় এবং বিভিন্ন বিষয় উল্লেখ করা যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, এই কর্মসূচিতে প্রশিক্ষকের ভূমিকা পালন করেছেন ফিরহাদ হাকিম।

এছাড়া রাজ্যসভার প্রাক্তন সাংসদ হিসেবে নিজের অভিজ্ঞতার ভিত্তিতে প্রশিক্ষণ দেন ঋতব্রত নিজেও। উপস্থিত ছিলেন কসবার বিধায়ক জাভেদ খানও। গত কয়েক সপ্তাহ ধরে ফিরহাদ হাকিমের রাজনৈতিক অবস্থান নিয়ে নানা আলোচনা চলছে। ৮ জুন বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে দীর্ঘ বৈঠক করতে দেখা গিয়েছিল তাঁকে। এরপর আরও কয়েকবার ঋতব্রতের ঘরে বৈঠকে দেখা যায় ফিরহাদকে।

তৃণমূল নেতা কুণাল ঘোষ ফিরহাদ হাকিমের সাম্প্রতিক ভূমিকা নিয়ে মন্তব্য করে বলেন, “ববিদা রাজনীতিতে অনেক সিনিয়র নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে অনেক স্নেহ করেছেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। এখন বিধানসভায় ঢুকেই দেখি ববিদা বাঁ দিকেই চলে যাচ্ছেন।” কুণালের এই মন্তব্যের পর ফিরহাদ হাকিমকে ঘিরে রাজনৈতিক মহলের কৌতূহল আরও বেড়েছে। এই প্রশিক্ষণ শিবির সেই জল্পনাকে আরও জোরালো করল।