ব্যুরো নিউজ, ২০ জুন ২০২৬ঃ পশ্চিমবঙ্গ সরকার এবার শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ক্ষমতার পালাবদলের পর নতুন রাজ্য সরকারের স্পষ্ট বার্তা, কর্মক্ষেত্রে ফাঁকিবাজি আর বরদাস্ত করা হবে না। নির্দিষ্ট সময়ে অফিসে হাজিরা দেওয়া এবং সময়সীমার আগে বের না হওয়ার নির্দেশ জারি হয়েছে। বিশেষত, তৃণমূল জমানায় যে সমস্ত শিক্ষক-শিক্ষিকারা স্কুলে হাজিরা না দিয়েও নিয়মিত মোটা অঙ্কের বেতন পেতেন, তাঁদের চিহ্নিত করার কাজ শুরু করেছে শিক্ষা দফতর।
এই তালিকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংখ্যাই বেশি বলে জানা গেছে। সরকারের দাবি, এতদিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে বহু শিক্ষক নিজেদের বদলি আটকে রেখেছিলেন এবং তৃণমূলের বিভিন্ন পদে আসীন থেকে একদিন হাজিরা দিয়ে একসঙ্গে সমস্ত সই করতেন। এই ধরনের শিক্ষকদের শোকজ নোটিশ পাঠানো হবে এবং সন্তোষজনক উত্তর না পেলে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, সমস্ত সরকারি দফতরেই স্বচ্ছতা আনা হবে এবং এই ফাঁকিবাজি বন্ধ করা হবে।
এছাড়া, দীর্ঘদিন ধরে একই জায়গায় কর্মরত শিক্ষকদের দ্রুত বদলির ব্যবস্থা করা হবে। কিছু স্কুলে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শিক্ষক থাকার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। রাজ্য সরকার রাজ্যের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ নতুনভাবে সাজাতে বদ্ধপরিকর। সরকারি স্কুলগুলির মানোন্নয়ন এবং ফাঁকিবাজ শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রাজ্যের শিক্ষার সামগ্রিক মান উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এটি রাজ্যের শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।








