ফিফা বিশ্বকাপ ২০২৬: ইরান ফুটবল দলের উপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল, মেক্সিকো থেকে যাতায়াত করতে হবে তারেমিদের

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ইরান ফুটবল দলের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল। মেক্সিকো থেকে যাতায়াত করতে হবে তাদের।

Share:

ব্যুরো নিউজ, ২১ জুন ২০২৬ঃ ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ইরান ফুটবল দলের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রইল। ফিফার কাছে আবেদন করেও কোনও সুরাহা মিলল না। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলিতেও মেক্সিকো থেকে আমেরিকায় ‘ডেইলি প্যাসেঞ্জারি’ করতে হবে ইরানকে। লস অ্যাঞ্জেলসে বেলজিয়াম ম্যাচের ঠিক ২৭ মিনিটের মধ্যেই মেহেদি তারেমিদের বিমান ধরে মেক্সিকোর তিজুয়ানায় ফিরে যেতে হবে।

লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ড্রয়ের পরই ইরান দলকে রীতিমতো ‘ঘাড়ধাক্কা’ দেওয়া হয়।শুধুমাত্র ম্যাচের সময়টুকুর জন্য মার্কিন ভিসা পেয়েছে তারা, বাকি সময়টা মেক্সিকোয় থাকছে। এমনভাবে যাতায়াত করে ফুটবল খেলাকে অনেকেই অমানবিক ও অপেশাদার বলে মনে করছেন। ইরানের ফুটবল ফেডারেশন ফিফার কাছে বিধিনিষেধ কমানোর আবেদন জানালেও ট্রাম্প প্রশাসন তাতে কান দেয়নি।

হোয়াইট হাউসের টাস্ক ফোর্সের মুখ্য পরিচালক অ্যান্ড্রু জিউলিয়ানি স্পষ্ট জানিয়েছেন, ইরানের জন্য এই ব্যবস্থাই চলবে। তিনি জানান, “পরিস্থিতি খুবই জটিল। আগামীকাল ওদের ম্যাচ। তার ২৭ মিনিটের মধ্যে বিমান ধরে মেক্সিকোর তিজুয়ানায় ফিরে যাবে। আপাতত এই ম্যাচের পরিস্থিতি দেখা যাক। তারপরের ম্যাচের আগে পরিস্থিতি খতিয়ে দেখব।” জিউলিয়ানি আরও যুক্ত করেন যে, আমেরিকার নাগরিকদের নিরাপত্তা রক্ষা করাই তাদের মূল লক্ষ্য। বিশ্বকাপ দারুণভাবে আয়োজিত হচ্ছে এবং সেখানে যারা আসছেন, তাদের নিরাপত্তাও সুনিশ্চিত করতে চায় মার্কিন প্রশাসন। এই কঠোর সিদ্ধান্তে ইরানের খেলোয়াড়দের উপর চাপ আরও বাড়ল।