ব্যুরো নিউজ, ২৩ জুন ২০২৬ঃ রাজ্যজুড়ে নিম্নচাপের দাপটে ফের একবার বর্ষার মেজাজ। কখনও রোদ তো কখনও মেঘলা আকাশ, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতায় মৌসুমী অক্ষরেখাটি রাজস্থান থেকে উত্তরপ্রদেশ হয়ে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া হাওড়া, কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা বহাল থাকছে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, নিম্ন ট্রপোস্ফিয়ারে পশ্চিম বায়ুর অক্ষরেখাটি বর্তমানে উপ হিমালয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর অবধি বিস্তৃত রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কোচবিহার এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দাপট চলবে।
আগামীকাল, বুধবারের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বর্ষণের জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা এবং বীরভূম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।








