বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় জারি লাল ও কমলা সতর্কতা?

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা। আজ রবিবার কমলা সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সোমবার লাল সতর্কতা জারি পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে।

Share:

ব্যুরো নিউজ, ১৬ আগস্ট ২০২৬: বঙ্গোপসাগরে ফের একটি নতুন নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আলিপুর সূত্রে খবর, এর প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। রবিবার থেকেই বৃষ্টিপাত বাড়বে। আজ রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে।

এছাড়া ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, কলকাতা, হাওড়া এবং হুগলি জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তন আসছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আগামীকাল সোমবার থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি হয়েছে। পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। হাওড়া, কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম সহ অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে। উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে, জলপাইগুড়িতে জারি হয়েছে হলুদ সতর্কতা।