ব্যুরো নিউজ, ২৩ জুন ২০২৬ঃ সোমবার অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রথম গোল করার পরেই ফুটবল বিশ্বে নতুন ইতিহাস গড়লেন লিয়োনেল মেসি। বিশ্বকাপের ইতিহাসে তাঁর নামের পাশে যুক্ত হল চারটি বিশ্বরেকর্ড, যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। এই মুহূর্তে বিশ্বকাপে মেসির গোল সংখ্যা ১৮, যা জার্মানির মিরোস্লাভ ক্লোজ়ের ১৬ গোলের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। ব্রাজিলের রোনাল্ডোর ১৫টি গোল ছিল। এছাড়াও, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজিরও এখন মেসির দখলে।
ইতালির পাওলো মালদিনির ২৫ ম্যাচের রেকর্ড ভেঙে তিনি এখন ২৮টি ম্যাচ খেলেছেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জেতার কৃতিত্বও তাঁর। ক্লোজ়ের ১৭টি জয়ের রেকর্ড ভেঙে মেসি ১৮টি ম্যাচ জিতেছেন। ব্রাজিলের কাফু ১৬টি ম্যাচ জিতেছিলেন। সর্বোপরি, বিশ্বকাপে সবচেয়ে বেশি মিনিট খেলার রেকর্ডও মেসির। মালদিনির ২২১৭ মিনিটের রেকর্ড টপকে তিনি ২৪৮৯ মিনিট খেলেছেন, যা প্রায় ৪২ ঘণ্টার সমান। এই নজিরগুলি মেসি আগের বিশ্বকাপেই গড়ে ফেলেছিলেন, তবে সোমবারের ম্যাচ তাকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল।
অস্ট্রিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জয়ের পর মেসি বলেন, “দল জেতায় আমি সবচেয়ে বেশি খুশি। এই জয়টা খুব দরকার ছিল। কঠিন পরিশ্রম করতে হয়েছে। দল নকআউটে ওঠায় মানসিক শান্তি পেয়েছি, যা ভবিষ্যতে আমাদের সাহায্য করবে।” তিনি আরও যোগ করেন, “আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করছি। সতীর্থদের সঙ্গে আনন্দ করার জন্য তর সইছে না।” এই রেকর্ডগুলি নিঃসন্দেহে মেসির ফুটবল কেরিয়ারে এক নতুন পালক যোগ করল এবং তাঁর কিংবদন্তি মর্যাদা আরও সুদৃঢ় করল।








