ব্যুরো নিউজ, ২৪ জুন ২০২৬ঃ কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেলেন তৃণমূলের হেভিওয়েট কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। আয়বহির্ভূত সম্পত্তি এবং নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের মামলায় তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এর ফলে দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারে আর কোনও আইনি বাধা রইল না। তবে, চার মাসের শিশু সন্তানের কথা বিবেচনা করে তাঁর স্ত্রী তথা প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সীর আগাম জামিন মঞ্জুর করেছেন বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চ।
রাজ্যের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে বিস্ফোরক দাবি করেন যে, নির্বাচনের সময় নিজেদের আসল সম্পত্তির পরিমাণ কম দেখানোর উদ্দেশ্যে অন্তত ১০০ কোটি টাকার বিপুল সম্পত্তি বেনামে এবং আত্মীয়দের নামে তড়িঘড়ি হস্তান্তর করেছেন এই দম্পতি। তোলাবাজি এবং জোর করে জমি দখলের মাধ্যমে এই বিপুল প্রতিপত্তি বানানো হয়েছে বলেও অভিযোগ ওঠে। এমনকি ভোটের আগে তাঁদের কালিম্পঙের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ একাধিক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা রহস্যজনকভাবে সরিয়ে ফেলা হয়েছে বলেও আদালতে দাবি করে রাজ্য। গ্রেফতারির আশঙ্কায় আদালতের দ্বারস্থ হওয়া এই হাইপ্রোফাইল দম্পতির পক্ষে সওয়াল করেছিলেন বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
উভয়পক্ষের সওয়াল-জবাব শেষে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, দেবরাজ চক্রবর্তীর ক্ষেত্রে আইনি রক্ষাকবচ আর বাড়ানো হচ্ছে না। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করা হল। তবে অদিতি মুন্সীর কোলে চার মাসের সন্তান থাকায় মানবিকতার খাতিরে তাঁর আগাম জামিন মঞ্জুর করা হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে, তদন্তের স্বার্থে দু’জনকেই পুলিশকে সবরকম সহযোগিতা করতে হবে। দেবরাজের জামিন খারিজ হতেই এখন তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।








