ব্যুরো নিউজ, ২৪ জুন ২০২৬ঃ বুধবার কলকাতার তারাতলায় এক নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনার পর শহরজুড়ে নির্মাণকাজে স্থগিতাদেশ জারি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, এবং বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন তারাতলার ঘটনাস্থল পরিদর্শনের পর নবান্নে এক সাংবাদিক বৈঠকে জানান, কলকাতা পুরসভা এলাকার সমস্ত নির্মাণকাজ আগামী ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের আমলে যে সকল নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল, সেগুলি স্পেশ্যাল টিম দিয়ে পুনরায় খতিয়ে দেখা হবে এবং অডিট করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১ আগস্ট থেকে ফের কাজ শুরু করা যাবে। প্রাথমিকভাবে কলকাতার জন্য এই উদ্যোগ নেওয়া হলেও, ভবিষ্যতে হাওড়া ও বিধাননগরেও একই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। পূর্ত দফতর, কলকাতা পুরসভা, সিভিল ডিফেন্স, পুলিশ, দমকল বিভাগ এবং কেএমডিএ-র প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ দল গঠন করা হবে, যার নেতৃত্বে থাকবেন রাজ্যের মুখ্যসচিব। এছাড়া পোর্ট ও মেট্রো অথরিটির প্রয়োজন অনুযায়ী অডিট কমিটিও তৈরি হবে।
তবে হাসপাতাল সহ অন্যান্য জরুরি ক্ষেত্রে নির্মাণকাজ এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। মুখ্যমন্ত্রী আরও জানান, তারাতলা কাণ্ডে সরকার কী কী আইনি পদক্ষেপ নেবে এবং হতাহতদের পরিবারকে কত ক্ষতিপূরণ দেওয়া হবে, সে বিষয়ে বৃহস্পতিবার বিধানসভায় বিস্তারিত জানানো হবে। কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা প্রাথমিকভাবে ত্রুটিযুক্ত প্ল্যানের কথা জানিয়েছেন। এখনও ধ্বংসস্তূপের নিচে বেশ কিছু মানুষ আটকে থাকতে পারেন বলে অনুমান করা হচ্ছে, তাঁদের জন্য জল ও অক্সিজেনের ব্যবস্থা করা হচ্ছে।








