দক্ষিণবঙ্গে ৪ দিনের দুর্যোগ, হলুদ সতর্কতা; উত্তরে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা, ধসের আশঙ্কা

দক্ষিণবঙ্গে আগামী ৪ দিন হলুদ সতর্কতা, ঝড়-বৃষ্টির পূর্বাভাস। উত্তরে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা, ধস ও বন্যার আশঙ্কা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ।

Share:

ব্যুরো নিউজ, ২৫ জুন ২০২৬ঃ রাজ্যজুড়ে আবহাওয়ার বড়সড় পরিবর্তন। বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ উভয় ক্ষেত্রেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার ওপর দিয়ে গেছে। এর জেরে আজ থেকে বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল হবে এবং ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে তীব্র ঝড় বইতে পারে। উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত বেশিরভাগ জেলাতেই ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টি না হলে গরম ও অস্বস্তি বজায় থাকবে। কলকাতায় আগামী কয়েকদিন আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে, যা নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক। আজ থেকে সেখানে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।

দার্জিলিং থেকে কোচবিহার সহ ওপরের পাঁচ জেলায় কোনো কোনো সময় লাল সতর্কতাও জারি হতে পারে, বিশেষ করে শুক্র ও শনিবার। উইকেন্ডে উত্তরবঙ্গে দুর্যোগ বাড়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিজ্ঞানীরা। অতি ভারী বৃষ্টির জেরে পার্বত্য এলাকায় ধস, নিচু এলাকা প্লাবিত হওয়া এবং নদীর জলস্তর বিপদসীমার উপরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।