মন্ত্রীর নাম ভাঙিয়ে SSC-তে চাকরির সুপারিশ! CID তদন্তে গ্রেফতার ১

মন্ত্রী ক্ষুদিরাম টুডুর নাম করে এসএসসিতে চাকরির সুপারিশের অভিযোগে দেগঙ্গা থেকে জুলফিকার আলিকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে নেমেছে সিআইডি।

Share:

ব্যুরো নিউজ, ২২ নভেম্বর ২০২৬: মন্ত্রীর পরিচয় ব্যবহার করে SSC-তে চাকরির সুপারিশ! হোয়াটসঅ্যাপে মেসেজের স্ক্রিনশট পাঠিয়ে চাকরি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করার অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি। ধৃতের নাম জুলফিকার আলি। দেগঙ্গা থেকে তাঁকে গ্রেফতার করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।

অভিযোগ, আদিবাসী উন্নয়নমন্ত্রী ক্ষুদিরাম টুডুর নাম ব্যবহার করে স্কুল সার্ভিস কমিশনে চাকরির সুপারিশ করা হচ্ছিল। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট পাঠিয়ে SSC কর্তৃপক্ষের উপর চাকরি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় বলেও অভিযোগ উঠেছে।

ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। বিষয়টি সামনে আসার পর বিধাননগর পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন SSC-র সচিব। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। এরপর দেগঙ্গা থেকে অভিযুক্ত জুলফিকার আলিকে গ্রেফতার করা হয়।

এই ঘটনার পিছনে আরও বড় কোনও চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোটা ঘটনার তদন্তভার নিয়েছে CID। মন্ত্রীর নাম ব্যবহার করে চাকরির সুপারিশের নেপথ্যে কারা রয়েছে, কী উদ্দেশ্যে এই কাজ করা হয়েছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।