ব্যুরো নিউজ, ২২ নভেম্বর ২০২৬: শুক্রবার ভবানীভবন, আর শনিবার সিউড়ি থানা! পরপর দু’দিন পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। শনিবার প্রায় ৬ ঘণ্টা ২০ মিনিট ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে আইনজীবীকে সঙ্গে নিয়ে সিউড়ি থানায় হাজির হন তিনি।
কিন্তু কেন বারবার জেরার মুখে টুলু মণ্ডল? তদন্তকারীদের নজরে রয়েছে তাঁর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকা। ওই বিপুল পরিমাণ নগদ অর্থের উৎস কী, কীভাবে এত টাকা সেখানে পৌঁছল, তা জানতেই তদন্তে নেমেছে পুলিশ।
পাশাপাশি DCR দুর্নীতি মামলাতেও টুলু মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। পাথর ব্যবসার সঙ্গে যুক্ত একাধিক আর্থিক লেনদেন এবং দুর্নীতির অভিযোগের সূত্র ধরেই তদন্ত এগোচ্ছে।
শুক্রবার ভবানীভবনে জিজ্ঞাসাবাদের পর শনিবার ফের সিউড়ি থানায় দীর্ঘক্ষণ তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয়। পরপর দু’দিনের এই জিজ্ঞাসাবাদ ঘিরে বীরভূমের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। তবে তদন্তে ঠিক কী তথ্য উঠে এসেছে, তা এখনও স্পষ্ট নয়।









