ইলন মাস্কের পরেই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতনের CEO বাঙালি শঙ্খ মিত্র, যাদবপুরের প্রাক্তনের বিশ্বজয়!

ইলন মাস্কের পরেই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতনের CEO বাঙালি শঙ্খ মিত্র। যাদবপুরের প্রাক্তনের এই বিশ্বজয়ে গর্বিত বাংলা। জানুন তাঁর সাফল্যের কাহিনি।

Share:

ব্যুরো নিউজ, ২৫ জুন ২০২৬ : বিশ্ব কর্পোরেট দুনিয়ায় ফের এক বাঙালির জয়জয়কার। মেধা ও অদম্য পরিশ্রমের জোরে আন্তর্জাতিক স্তরে নিজের স্থান করে নিলেন কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী শঙ্খ মিত্র। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, টেসলা-কর্তা ইলন মাস্কের পরেই সর্বোচ্চ বেতন পান যে চিফ এগজ়িকিউটিভ অফিসার (CEO), তিনি হলেন এই বাঙালি ইঞ্জিনিয়ার শঙ্খ মিত্র।

বর্তমানে তিনি আমেরিকার প্রথম সারির রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, ‘ওয়েলটাওয়ার ইনকর্পোরেশন’ (Welltower Inc.)-এর CEO পদে রয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হওয়ার পর শঙ্খ মিত্রের কর্মজীবন শুরু হয় বহুজাতিক সংস্থা প্রাইসওয়াটারহাউসকুপারস (PwC)-এ। এরপর কলম্বিয়া বিজনেস স্কুল থেকে MBA সম্পন্ন করেন তিনি। বিনিয়োগ পরিচালনার জগতে পা রেখে ফিডেলিটি ইনভেস্টমেন্টস এবং সিটাডেল ইনভেস্টমেন্ট গ্রুপে কাজ করার পর ২০১৬ সালে তিনি ওয়েলটাওয়ারে যোগ দেন। মাত্র দুই বছরের মধ্যে চিফ ইনভেস্টমেন্ট অফিসার এবং ২০২০ সালে সংস্থার CEO পদে বসেন নিজের যোগ্যতায়।

ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী, শঙ্খ মিত্রের বর্তমান বার্ষিক পারিশ্রমিক ৮২১ মিলিয়ন ডলার, যার প্রায় ৯৯ শতাংশই আসে সংস্থার শেয়ার বা স্টক গ্রান্ট থেকে। ইলন মাস্কের ১৫৮ বিলিয়ন ডলারের পরেই তাঁর এই আকাশছোঁয়া প্যাকেজ নিঃসন্দেহে এক অভাবনীয় সাফল্য। এই তালিকায় প্রথম দশে রয়েছেন পালো অল্টো নেটওয়ার্কস-এর নিকেশ অরোরা-ও। এক বঙ্গসন্তানের এই উজ্জ্বল উপস্থিতি প্রমাণ করে যে কর্পোরেট দুনিয়ায় মেধা ও যোগ্যতার কোনও ভৌগোলিক সীমানা নেই, যা গোটা বাংলার কাছে এক বিরাট অনুপ্রেরণা।