মাইথন জলাধারে তলিয়ে গেল দশম শ্রেণির ছাত্র প্রিন্স, বন্ধুদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

মাইথন জলাধারে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দশম শ্রেণির ছাত্র প্রিন্স। বন্ধুদের বিরুদ্ধে তথ্য গোপন ও ব্যাগ ফেলে দেওয়ার অভিযোগ। পুলিশি তদন্তে চাঞ্চল্য।

Share:

ব্যুরো নিউজ, ২৫ জুন ২০২৬ : স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে মাইথন জলাধারে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দশম শ্রেণির এক পড়ুয়া। নিখোঁজ ছাত্রের নাম প্রিন্স কুমার, আসানসোলের বেসরকারি স্কুলের ছাত্র। এই ঘটনায় তার বন্ধুদের বিরুদ্ধে তথ্য গোপন ও প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। পুলিশ প্রিন্সের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা জানতে পেরেছে এবং তল্লাশি অভিযান শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে আসানসোল থেকে প্রিন্স তার সাত সহপাঠীর সঙ্গে মাইথনের উদ্দেশ্যে রওনা দেয়। মাইথন ফায়ারিং রেঞ্জ ও আনন্দ দ্বীপের মাঝামাঝি একটি ঘাটে পৌঁছে তারা জলাশয়ে স্নান করতে নামে। স্নান করার সময় আচমকাই গভীর জলে তলিয়ে যেতে থাকে প্রিন্স। বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়, চোখের পলকে জলের অতলে তলিয়ে যায় সে। এই দুর্ঘটনার পরই বাকি বন্ধুরা আতঙ্কিত হয়ে ঘটনাটি গোপন করে আসানসোলে ফিরে আসে। প্রিন্সের স্কুলের ব্যাগটি তারা পাশের জঙ্গলে ফেলে দেয়। প্রিন্স বাড়ি না ফেরায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করলে স্কুল থেকে জানা যায়, সে ও বন্ধুরা সেদিন স্কুলেই ছিল না। পরিবারের সদস্যরা আসানসোল উত্তর থানার দ্বারস্থ হন। অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত তদন্তে নেমে প্রিন্সের বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করে।

ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে বন্ধুরা মাইথনে প্রিন্সের তলিয়ে যাওয়ার সত্যটি স্বীকার করে। অভিযুক্তদের সাথে নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় নৌকা চালকদের সহায়তায় জলাশয়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে। জঙ্গল থেকে প্রিন্সের ফেলে দেওয়া ব্যাগটিও উদ্ধার হয়েছে। শেষ খবর অনুযায়ী, এখনও পর্যন্ত নিখোঁজ ছাত্র প্রিন্স কুমারের কোনো হদিস মেলেনি।