ব্যুরো নিউজ, ২৬ জুন ২০২৬ : কলকাতায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করলেন বলিউডের প্রবীণ অভিনেতা ও প্রযোজক অনুপম খের। দীর্ঘ ছাব্বিশ বছর পর আবারও বাংলা চলচ্চিত্র প্রযোজনার ময়দানে পা রাখছেন তিনি। এ রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমবার কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে অনুপম খের ‘প্রগতিশীল বাংলা’র রূপরেখা দেখতে পাওয়ার কথা জানালেন।
শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর অনুপম খের বলেন, “শুভেন্দুবাবু রাজ্যে এক বড় পরিবর্তন আনার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। এর ফলে আগামী দিনে বাংলার মানুষের মঙ্গলসাধনই হবে। উনি বাংলাকে আরও অনেক উন্নত এবং প্রগতিশীল করতে চান, যা অবশ্যই সম্ভব।” তিনি বাংলার সাধারণ মানুষকে মুখ্যমন্ত্রীর পাশে থাকার আহ্বান জানান। বাংলা সংস্কৃতির প্রতি নিজের গভীর শ্রদ্ধাবোধ প্রকাশ করে অনুপম খের আরও বলেন, “আমরা যা কিছু শিখেছি, তার একটা বড় অংশই এই বাংলা থেকে শেখা। এই রাজ্যের চলচ্চিত্র জগৎ হোক কিংবা গানবাজনা, সবকিছুর অবদান অনস্বীকার্য।” সিনেমা প্রযোজনার পাশাপাশি এই রাজ্যে একটি বিশ্বমানের অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র বা অ্যাক্টিং স্কুল খোলার ইচ্ছার কথাও প্রকাশ করেছেন তিনি।
মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই ভাবনার জন্য শুভকামনাও পেয়েছেন তিনি। উল্লেখ্য, শেষবার অনুপম খের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন ২০০২ সালে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘বাড়িওয়ালি’ ছবির প্রযোজক হিসেবে। দীর্ঘ আড়াই দশক পর তাঁর হাত ধরে টলিউডে নতুন কিছু শুরু হতে চলায় সিনেমাপ্রেমীরা স্বভাবতই খুশি।







