নিউজ ব্যুরো, ২৭ জুন ২০২৬: আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। এই দুই জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ বা ৩ জুলাইয়ের মধ্যে এটি বছরের প্রথম নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে উত্তরবঙ্গের পার্বত্য ও সংলগ্ন এলাকা যেমন দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে, অন্যদিকে দক্ষিণ দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কম থাকবে। শনিবার ও রবিবার আকাশ আংশিক মেঘলা থাকলেও অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টি না হলে তীব্র গরম ও চরম অস্বস্তি বজায় থাকবে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় ১০০ শতাংশে পৌঁছতে পারে। ফলে অনুভূত তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছনোর আশঙ্কা রয়েছে।
কলকাতায় শনিবার সকালে রোদ থাকলেও দুপুরের পর আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার বিকেলের পর কিছুটা স্বস্তি মিলতে পারে। সোমবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাড়লেও, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার তুলনায় কলকাতায় বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে।








