ব্যুরো নিউজ, ২৮ জুন ২০২৬ঃ কালীগঞ্জের বহুল আলোচিত তামান্না খাতুন হত্যা মামলায় অবশেষে শেষ অভিযুক্ত গাজলু রহমানকেও গ্রেফতার করল পুলিশ। এর ফলে এই চাঞ্চল্যকর খুনের ঘটনায় অভিযুক্ত সকলেই এখন পুলিশের জালে। একই সঙ্গে, রাজ্য সরকারের তরফে এই মামলায় আইনি লড়াই জোরদার করতে বিশেষ সরকারি আইনজীবী (স্পেশাল পাবলিক প্রসিকিউটর) নিয়োগ করা হয়েছে। গত মঙ্গলবারই নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিন বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে মেয়ের নির্মম হত্যাকাণ্ডের সুবিচার চেয়েছিলেন।
মুখ্যমন্ত্রী তাঁকে পূর্ণ আশ্বস্ত করার পর থেকেই পুলিশ প্রশাসন নজিরবিহীনভাবে সক্রিয় হয়ে ওঠে। এফআইআরে নাম থাকা সমস্ত অপরাধীদের একে একে পাকড়াও করা শুরু হয়। সরকারের তরফে বিশিষ্ট আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়কে এই সংবেদনশীল মামলার বিশেষ সরকারি আইনজীবী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পেয়েই বিভাসবাবু কালীগঞ্জের মোলান্দি গ্রামে মূল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তামান্নার মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। সাবিনা ইয়াসমিন অভিযোগ করেন, এর পেছনে গভীর রাজনৈতিক চক্রান্ত রয়েছে এবং তিনি পর্দার আড়ালে থাকা প্রভাবশালী মাথাদের চিহ্নিত করার আবেদন জানান।
তিনি নতুন সরকারের তৎপরতায় খুশি এবং মেয়ের হত্যাকারীদের ফাঁসির দাবি তুলেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ‘এক্স’-এ পোস্ট করে তামান্নার জন্য ন্যায়বিচার সুনিশ্চিত করাকে তাঁদের সরকারের অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন। তদন্তকারী অফিসারদের সূত্রে খবর, শেষ অভিযুক্ত গ্রেফতার হওয়ায় এবার এই খুনের মামলার চার্জশিটেও বড়সড় বদল আসতে চলেছে এবং একটি অতিরিক্ত চার্জশিট জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।








