ব্যুরো নিউজ, ১লা জুলাই ২০২৬ঃ মহানগরে সরকারি বাসে মহিলা যাত্রীর সংখ্যা তিন লক্ষ পার করেছে। বিনামূল্যে ভ্রমণের সুবিধা চালু হওয়ার পর মাত্র পনেরো দিনের মধ্যে এই বিপুল বৃদ্ধি লক্ষ্য করা গেছে। আগে যেখানে কলকাতায় দৈনিক মহিলা যাত্রী সংখ্যা ছিল প্রায় দু’লক্ষ, তা এখন তিন লক্ষ ছুঁই ছুঁই। শুধু কলকাতা নয়, গোটা রাজ্যেই সরকারি বাসে মহিলা যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
রাজ্য পরিবহণ দপ্তর সূত্রে জানা গেছে, কলকাতা বাদে রাজ্যের বাকি অংশে দৈনিক মহিলা যাত্রী সংখ্যা ৪ লক্ষ ৮৮ হাজার থেকে বেড়ে ৫ লক্ষ ৬০ হাজার ছাড়িয়েছে। এসি ও নন-এসি উভয় ধরনের বাসেই এই প্রবণতা দেখা যাচ্ছে। এই সিদ্ধান্তের ফলে সরকারি বাসের প্রতি মহিলাদের নির্ভরতা বেড়েছে। এর প্রভাব পড়ছে অন্যান্য গণপরিবহণ ব্যবস্থার ওপরও। যেমন, অটো চালকরা জানাচ্ছেন, অনেক মহিলা যাত্রী এখন সরকারি বাসের দিকে ঝুঁকছেন, যার ফলে তাঁদের আয় কমছে।
যদিও অনেক মহিলা যাত্রীর অভিযোগ, কিছু সরকারি বাসের চালক স্টপেজে মহিলা যাত্রীদের দেখলে বাস থামাচ্ছেন না, সম্ভবত ভিড় এড়াতে বা বিনা পয়সার যাত্রী তুলতে অনীহা থেকে। তবে পরিবহণ কর্মীরা এই অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমান পরিস্থিতিতে মহিলা যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রাজ্য পরিবহণ দপ্তর আরও ১৪টি নতুন রুটে বাস চালানোর পরিকল্পনা করেছে। পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, “মহিলা যাত্রীদের বিনা ভাড়ায় যাতায়াতের সুবিধা করে দেওয়ার সিদ্ধান্ত এতটাই ইতিবাচক হয়েছে যে রুটের সংখ্যা বাড়ানোর কথা ভাবা হয়েছে।”
বর্তমানে পাঁচটি নিগমের অধীনে ৩৬৮টি রুটে ১৭৮৩টি সরকারি বাস চলে। নতুন রুট চালু হলে মোট রুটের সংখ্যা হবে ৩৮২ এবং বাসের সংখ্যা ১৮০০ ছাড়িয়ে যাবে, যা মহিলা যাত্রীদের জন্য আরও সুবিধা আনবে।








