ব্যুরো নিউজ, ১লা জুলাই ২০২৬ঃ হরিয়ানার আম্বালা জেলায় মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। ২২০ ফুট গভীর একটি খোলা বোরওয়েলে পড়ে মৃত্যু হয়েছে চার বছরের এক শিশুর। ২১ ঘণ্টার নিরন্তর উদ্ধার অভিযান সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। বুধবার ভোরে ওই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে আম্বালার ধানেরা গ্রামের বাসিন্দা মঞ্জিত সিং তাঁর বাবা কর্নেল সিংয়ের জন্য মাঠে খাবার নিয়ে যাচ্ছিলেন। সঙ্গে ছিল তাঁর চার বছরের ছেলে নিরভৈর সিং। মাঠে পৌঁছে মঞ্জিত কাজে ব্যস্ত হয়ে পড়েন। নিরভৈর দাদুর পাশে খেলতে খেলতে কাছেই একটি খোলা বোরওয়েলের কাছে চলে যায়।
পরিবারের দাবি, সে বোরওয়েলের মধ্যে মাটি ফেলছিল। সেই সময় ভেজা মাটি ধসে গিয়ে সে ভারসাম্য হারিয়ে প্রায় ২২০ ফুট গভীর গর্তে পড়ে যায়। হঠাৎ বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা ছুটে আসেন এবং শিশুটিকে ডাকাডাকি শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের নিয়ে প্রথমে নিজেরাই উদ্ধারের চেষ্টা করা হলেও সফল হননি। এরপর সকাল সাড়ে ৭টা নাগাদ প্রশাসনকে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন জেলা শাসক অজয় সিং তোমর-সহ প্রশাসনের আধিকারিকরা। পরে এনডিআরএফ, এসডিআরএফ এবং সেনাবাহিনীর উদ্ধারকারী দল যৌথভাবে অভিযান শুরু করে। প্রায় ২১ ঘণ্টা ধরে চলে এই উদ্ধারকাজ।
বুধবার ভোর ৩টে ৪০ মিনিট নাগাদ শিশুটিকে বোরওয়েল থেকে বাইরে আনা হয়। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্সে করে আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও জরুরি বিভাগের চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এমন খোলা বোরওয়েল নিয়ে প্রশাসনিক আধিকারিকরা বারবার সতর্ক করলেও, নিরভৈরের মতো নিষ্পাপ শিশুদের প্রাণহানি ঘটেই চলেছে। এই মর্মান্তিক ঘটনা এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।








