ব্যুরো নিউজ, ৪ জুলাই ২০২৬ঃ কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি সম্প্রতি এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন, যা দেশের জ্বালানি নীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে। তিনি জানিয়েছেন, সরকার এবার ডিজেলে ১৫ শতাংশ পর্যন্ত আইসোবিউটানল মেশানোর অনুমতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো এবং পরিবেশ দূষণ রোধ করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। পেট্রোলে ইথানল মেশানো নিয়ে মাইলেজ কমার অভিযোগের মধ্যেই বিকল্প জ্বালানির প্রসারে কেন্দ্রের এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ।
মন্ত্রী গড়করি জানান, যেহেতু ইথানল সরাসরি ডিজেলের সঙ্গে মেশানো যায় না, তাই ইথানল থেকে আইসোবিউটানল উৎপাদনের প্রযুক্তি নিয়ে কাজ চলছে। আইসোবিউটানলকে ডিজেলের একটি কার্যকর বিকল্প হিসেবে দেখা হচ্ছে, যা জ্বালানি নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে এবং গাড়ির কর্মক্ষমতা বাড়াবে। আইসোবিউটানলকে পরবর্তী প্রজন্মের জৈব জ্বালানি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর শক্তি ঘনত্ব বেশি এবং এটি প্রচলিত ডিজেল ইঞ্জিনের সঙ্গে ভালোভাবে কাজ করতে সক্ষম।
বিশেষজ্ঞদের মতে, এটি প্রচলিত জৈব জ্বালানির তুলনায় কম দূষণকারী পদার্থ নির্গমন করে, যা ক্রমবর্ধমান বায়ু দূষণের মোকাবিলায় সহায়ক হবে। এছাড়াও, এর ব্যবহার শুরু হলে অপরিশোধিত তেল আমদানির উপর চাপ অনেকটাই কমবে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। মন্ত্রী নিশ্চিত করেছেন যে, ১০০% ইথানল এবং আইসোবিউটানল দিয়ে জেনারেটর সেট সফলভাবে চালানো সম্ভব হয়েছে, যা এই জ্বালানির কার্যকারিতা প্রমাণ করে। এই নতুন নীতি অনুমোদিত হলে দেশের জ্বালানি ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।








