ব্যুরো নিউজ, ২৭ অক্টোবর ২০২৬: রঞ্জি ট্রফিতে টানা দুই ম্যাচে দ্বিশতরান করে বিরল নজির গড়লেন দিল্লির অধিনায়ক আয়ুষ বাদোনি। এই অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি ভারতের ২১তম ক্রিকেটার হিসেবে বিনোদ কাম্বলি, গৌতম গম্ভীর এবং বিরাট কোহলিদের মতো তারকাদের তালিকায় নিজের নাম লেখালেন। গুজরাতের বিরুদ্ধে ২১৭ রান করার পর এবার ঝাড়খণ্ডের বিরুদ্ধে অপরাজিত ২১০ রানের এক দুর্দান্ত ইনিংস খেললেন ২৬ বছর বয়সী এই ব্যাটার। লাল বলের ক্রিকেটে পর পর দু’ম্যাচে দ্বিশতরান করা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি ২১তম। এর আগে কেএস রঞ্জিত সিংহজি, বিনু মাঁকড় সহ আরও ১৮ জন এই কৃতিত্ব অর্জন করেছেন।
ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাদোনি ২২৮ বলে ১৯টি চার ও ৩টি ছয়ের সাহায্যে ২১০ রান করে অপরাজিত থাকেন। এটি তাঁর ষষ্ঠ প্রথম শ্রেণির শতরান এবং চতুর্থ দ্বিশতরান। ঘরোয়া লাল বলের ক্রিকেটে তাঁর গড় ৫৮.৩১ হলেও এখনও পর্যন্ত জাতীয় নির্বাচকদের নজরে আসেননি তিনি, এমনকি ভারত ‘এ’ দলেও তাঁর জায়গা হয়নি। তবে ব্যাট হাতে তিনি নিয়মিত জবাব দিয়ে চলেছেন। ঝাড়খণ্ড ম্যাচে বাদোনি ছাড়াও দিল্লির হয়ে সুমিত মাথুর ১৫০ রান করে অপরাজিত থাকেন। ষষ্ঠ উইকেটে এই জুটি ৩৩৪ রান যোগ করে দলের স্কোর ৫ উইকেটে ৫১৫ রানে পৌঁছে দেয়। এরপর দিল্লি ইনিংস ডিক্লেয়ার করে। বাদোনির এই ধারাবাহিক পারফরম্যান্স নিঃসন্দেহে নির্বাচকদের নতুন করে ভাবতে বাধ্য করবে।








