অভিষেকের সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় পা হারালেন মহিলা, ১১ জনের বিরুদ্ধে FIR

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্পে ভুল চিকিৎসায় পা হারালেন এক মহিলা। মালতী বিশ্বাস নামে ওই মহিলা অভিষেক সহ ১১ জনের বিরুদ্ধে FIR দায়ের করেছেন। বিতর্কে সেবাশ্রয়।

Share:

ব্যুরো নিউজ, ১০ জুলাই ২০২৬ঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ ক্যাম্প ফের বিতর্কের কেন্দ্রে। ভুল চিকিৎসার জেরে এক মহিলা পা হারালেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মোট ১১ জনের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মালতী বিশ্বাস। দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা মালতী বিশ্বাস হাঁটু ব্যথার চিকিৎসা করাতে সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছিলেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কিছু ওষুধ দেওয়া হয়, যা খেয়ে ব্যথা আরও বেড়ে যায় বলে অভিযোগ। এরপর তাঁকে এমআর বাঙুর হাসপাতাল এবং পরে চিত্তরঞ্জন ও ন্যাশনাল মেডিক্যালে রেফার করা হয়। শেষ পর্যন্ত ভুল চিকিৎসার কারণে তাঁর পায়ের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে, পা কেটে বাদ দিতে হয়।

মালতী দেবীর অভিযোগ, এই ঘটনার পর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কর্মীদের সঙ্গে বহুবার যোগাযোগ করার চেষ্টা করলেও কোনও সুরাহা হয়নি। অবশেষে রাজ্যে সরকার পরিবর্তনের পর তিনি পুলিশের দ্বারস্থ হন। সেবাশ্রয় ক্যাম্পের বিরুদ্ধে এর আগেও মোবাইল ফোন দেখে চিকিৎসা করা এবং বিনামূল্যে চিকিৎসার আড়ালে ‘স্বাস্থ্যসাথী’ থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগ উঠেছিল। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে এই ক্যাম্প চালু করেছিলেন, যা ‘ডায়মন্ড হারবার মডেল’ হিসেবে পরিচিতি লাভ করে। এমনকি নন্দীগ্রামেও এর অনুকরণে ক্যাম্প খোলা হয়েছিল। বর্তমানে এই গুরুতর অভিযোগ প্রকাশ্যে আসায় সেবাশ্রয়ের কার্যকারিতা এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববিও এই ক্যাম্প নিয়ে অভিযোগ তুলেছিলেন এবং FIR দায়ের করেছিলেন। এখন দেখার, পুলিশ এই নতুন অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ গ্রহণ করে।