শান্তিপুরের বামা কালীর নাচের স্থান পরিবর্তন, কড়া নিরাপত্তা ব্যবস্থা

শান্তিপুরের ঐতিহ্যবাহী বামা কালীর নাচের স্থান পরিবর্তন করা হল ভিড় সামলাতে ও নিরাপত্তার কারণে। নতুন স্থানে কড়া প্রশাসনিক নিয়মের মধ্যে হবে নাচ।

Share:

ব্যুরো নিউজ, ২৫ অক্টোবর ২০২৬: নদিয়া জেলার শান্তিপুরের ঐতিহ্যবাহী বামা কালীর নাচের স্থান পরিবর্তন করা হয়েছে। প্রতি বছর এই অনন্য নাচ দেখতে অসংখ্য ভক্ত ও পর্যটকের ভিড় হয়। ভিড় নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। দুর্গাপূজার আগেই স্থানীয় বিধায়ক ও পুজো কমিটির সদস্যদের উপস্থিতিতে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের এক বিশেষ বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছর পর্যন্ত শান্তিপুরের বড়বাজার ঘাট চৌরাস্তার মোড়ে বামা কালীর নাচ পরিবেশিত হত।

কিন্তু মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে গত বছরও স্বল্প সময়ের জন্য নাচের আয়োজন করতে হয়েছিল। এবার প্রশাসনিক নির্দেশ মেনে বড়বাজার চৌরাস্তা থেকে প্রায় ৫০০ মিটার দূরে বেজপাড়ার মাঠে বামা কালীর নাচ অনুষ্ঠিত হবে। প্রশাসনিক আধিকারিকরা ইতিমধ্যেই মন্দির ও নতুন নাচের স্থান পরিদর্শন করে প্রস্তুতি খতিয়ে দেখেছেন। উদ্যোক্তারা জানিয়েছেন, ১৯৬৯ সাল থেকে বামা কালীর ঘটপুজো শুরু হয় এবং ১৯৭০ সাল থেকে প্রতিমাপুজো প্রচলিত হয়। প্রথমে দেবী যমুনা কালী নামে পরিচিত ছিলেন, পরে স্বপ্নাদেশ পাওয়ার পর যমুনা চৌধুরী এই পুজোর প্রচলন করেন বলে জানা যায়। পরবর্তীতে দেবী বামা কালী নামে পরিচিতি লাভ করেন। এবারের নাচে বিশেষ প্রশাসনিক নিয়মকানুন মানতে হবে। নাচের স্থান ব্যারিকেড দিয়ে ঘেরা থাকবে। শুধুমাত্র হাতেগোনা কয়েকজন সেবায়েত, যারা দেবীকে নাচাবেন, তারাই ব্যারিকেডের ভেতরে প্রবেশ করতে পারবেন। সাধারণ দর্শকদের জন্য থাকবে আরেকটি ব্যারিকেড, যেখানে দাঁড়িয়ে তাদের নাচ দেখতে হবে। যেকোনো দুর্ঘটনা এড়াতে একাধিক পুলিশ আধিকারিক ও স্থানীয় পুজো কমিটির সদস্যরা পুরো এলাকা ঘিরে রাখবেন। থাকবে মেডিকেল টিম এবং গাড়ি ও বাইক পার্কিংয়ের জন্য পৃথক ব্যবস্থা। সমস্ত বাংলাবাসীকে মায়ের নাচ ও পুজো দেখতে বিশেষ আহ্বান জানানো হয়েছে।