বারুইপুর কাণ্ডে আরও ৫ গ্রেফতার, মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫

বারুইপুর গণধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার আরও ৫। মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫। অশান্তি, ভাঙচুর ও পুলিশি হামলার অভিযোগে ধরপাকড়।

Share:

ব্যুরো নিউজ, ১০ জুলাই ২০২৬ঃ বারুইপুর কাণ্ডে গ্রেফতারির সংখ্যা আরও বাড়ল। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতি তোলপাড়। এই ঘটনায় আরও ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ, যার ফলে মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫। পুলিশ সূত্রে খবর, শুধু নাবালিকা ধর্ষণ ও খুনের অভিযোগেই নয়, ঘটনার পর এলাকায় যে ব্যাপক অশান্তি ছড়িয়েছিল, সেই সংক্রান্ত অভিযোগেও ধরপাকড় চলছে। রেললাইন অবরোধ, সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশের উপর হামলা এবং গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর মতো একাধিক অভিযোগে এই গ্রেফতারি অভিযান চালানো হচ্ছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই স্পষ্ট জানিয়েছিলেন, নাবালিকা খুনে দোষীদের কঠোর শাস্তি তো দেওয়া হবেই, তার পাশাপাশি যারা আইন হাতে তুলে নিয়ে গণপিটুনি দিয়ে এক যুবককে হত্যা করেছে এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে, তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি রেললাইন অবরোধ করে রেল দুর্ঘটনার ফাঁদও পাতা হয়েছিল বলে অভিযোগ। এর আগে গত দু’দিন এই অভিযোগকে কেন্দ্র করে মোট ৩০ জনকে গ্রেফতার করেছিল বারুইপুর থানার পুলিশ। দুটি পৃথক মামলায় প্রথম দফায় ১৮ জন এবং পরে আরও ১২ জনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার রাতে আরও ৫ জনকে গ্রেফতার করার পর মোট ধৃতের সংখ্যা ৩৫-এ পৌঁছল। ধৃতদের আপাতত পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারির সংখ্যা আগামী দিনে আরও বাড়তে পারে। উল্লেখ্য, ধর্ষণকাণ্ডে যুক্ত ৪ মূল অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এছাড়াও এক অভিযুক্ত প্রভাস রায়কে এনকাউন্টার করা নিয়েও রাজ্যে উত্তেজনা ছড়িয়েছে।