কলকাতা পুলিশে ঐতিহাসিক পদক্ষেপ: ১৬ বছর পর দুই মহিলা ওসি পেল শহর

শুভেন্দু অধিকারী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তে কলকাতা পুলিশে ১৬ বছর পর সরশুনা ও সিঁথি থানার দায়িত্বে এলেন দুই মহিলা ওসি। নারী সুরক্ষায় নতুন দিশা।

Share:

ব্যুরো নিউজ, ১০ জুলাই ২০২৬ঃ শুভেন্দু অধিকারী সরকারের এক ঐতিহাসিক সিদ্ধান্তে কলকাতা পুলিশে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দীর্ঘ ১৬ বছর পর শহরের দুটি গুরুত্বপূর্ণ থানার দায়িত্ব পেলেন দুই মহিলা ওসি। ক্ষমতায় আসার আগেই শুভেন্দু অধিকারী মহিলাদের উপর অত্যাচারের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতির প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা এখন বাস্তবে রূপায়িত হচ্ছে। গতকাল, বৃহস্পতিবার কলকাতা পুলিশের ৩৩টি থানার ইন্সপেক্টর পদে বদল আনা হয়। এই রদবদলের অংশ হিসেবে সরশুনা থানার ওসি পদে নিয়ে আসা হয়েছে রূপা সিংকে, যিনি এর আগে টালিগঞ্জ মহিলা থানার ওসি ছিলেন।

এছাড়াও, সিঁথি থানার ওসি হলেন চামেলি মুখোপাধ্যায়, যিনি উল্টোডাঙা মহিলা থানার ওসি হিসেবে কাজ করেছেন। এর আগে ২০১০ সালে, বাম আমলে শেষবার কোনো মূল থানায় মহিলা ওসি দেখা গিয়েছিল, যখন দেবশ্রী চট্টোপাধ্যায় নর্থ পোর্ট থানার দায়িত্বে ছিলেন। পুলিশ সূত্রে খবর, মহিলাদের সুরক্ষার্থে প্রতিটি থানায় হেল্প ডেস্ক চালু করা হয়েছে এবং মহিলা অফিসারদের জন্য প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করা হয়েছে। সমাজে মহিলাদের যাতে কোনো অবস্থাতেই এক থানা থেকে অন্য থানায় ঘুরতে না হয়, তার জন্যই এই উদ্যোগ।

অন্যদিকে, দক্ষিণ কলকাতার ভবানীপুর থানার নতুন ওসি হয়েছেন রাজীব চট্টোপাধ্যায়। চেতলা থানার ওসি হয়েছেন মৌসম চট্টোপাধ্যায় এবং পার্ক স্ট্রিট থানার ওসি হলেন অমিত চট্টোপাধ্যায়। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে ‘আইনের শাসন’ প্রতিষ্ঠার দাবি করেছিলেন, এবং এই রদবদল সেই প্রতিশ্রুতিরই অংশ বলে মনে করা হচ্ছে।