ব্যুরো নিউজ, ১০ জুলাই ২০২৬ঃ উত্তরবঙ্গের ইসলামপুরে মানবপাচার চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে গত তিন দিনে ৪০-এর বেশি নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। ইসলামপুরের চম্পাবাগ এলাকার একটি নির্দিষ্ট জায়গা থেকে এই নাবালিকাদের উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতেও সেখান থেকে চারজন নাবালিকাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় স্থানীয় এক প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি নেত্রী ও প্রাক্তন বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।
তাঁর অভিযোগ, এই নাবালিকাদের পাচার করে আনা হয়েছিল এবং গোটা পাচারচক্রের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত। তিনি সরাসরি স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, যিনি স্থানীয় স্তরে তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী নেতা। শ্রীরূপা মিত্র চৌধুরীর দাবি, অভিযুক্ত তৃণমূল নেতা বর্তমানে পলাতক। যদিও এই অভিযোগের বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের কোনও বক্তব্য এখনও মেলেনি।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া নাবালিকারা মূলত বিহারের বাসিন্দা। গত শুক্রবার রাতেও এই এলাকায় অভিযান চালিয়ে ইসলামপুর পুলিশ জেলার আধিকারিকরা ১৭ জন নাবালিকাকে উদ্ধার করেছিলেন এবং মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সময় ড্রোন ব্যবহার করে তল্লাশি চালানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে যে বিহার থেকে একাধিক নাবালিকাকে পাচার করে চম্পাবাগ এলাকায় এনে রাখা হয়েছে।
ইসলামপুর পুলিশ জেলার এসপি রাকেশ সিং জানিয়েছিলেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এই পাচারচক্রের সঙ্গে আরও অনেক ব্যক্তি জড়িত রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চলছে। উদ্ধার হওয়া নাবালিকাদের কাউন্সেলিং ও প্রয়োজনীয় আইনি সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী আরও দাবি করেছেন যে বিগত সরকার এই ধরনের পাচারচক্রের পৃষ্ঠপোষক ছিল।








