মেলবোর্নে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন, হোটেলে ঢুকে মোদীকে লক্ষ্য করে স্লোগান বিক্ষোভকারীর

মেলবোর্নে প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তা বিঘ্নিত। হোটেলে ঢুকে অভিবাসন-বিরোধী স্লোগান দিল এক যুবক। ঘটনা ঘিরে প্রশ্ন প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

Share:

ব্যুরো নিউজ, ১০ জুলাই ২০২৬ঃ: অস্ট্রেলিয়া সফরে গিয়ে মেলবোর্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটল। যে হোটেলে তিনি অবস্থান করছিলেন, সেখানে নিরাপত্তা বলয় ভেঙে এক যুবক ঢুকে পড়েন এবং প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে অভিবাসন-বিরোধী স্লোগান দিতে শুরু করেন। দ্রুত নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দিয়ে ওই যুবককে সরিয়ে নিয়ে গেলেও এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হুগো লেনন নামে ওই বিক্ষোভকারী অস্ট্রেলিয়ার অভিবাসন নীতির বিরোধী একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত। তিনি হোটেলের লবিতে প্রধানমন্ত্রী মোদীর প্রবেশের সময় দোতলার বারান্দা থেকে চিৎকার করতে থাকেন। তাঁর স্লোগান মূলত ভারতীয় অভিবাসন এবং অস্ট্রেলিয়ার অভিবাসন নীতির বিরুদ্ধে ছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই ঘটনাটি দেখা গেছে। পুলিশ দ্রুত লেননকে ঘিরে ফেলে এবং হোটেল প্রাঙ্গণ থেকে সরিয়ে নিয়ে যায়। তবে ওই যুবক কী ভাবে প্রধানমন্ত্রীর গতিবিধি সম্পর্কে জানতে পারলেন বা তিনি প্রধানমন্ত্রীর কতটা কাছাকাছি পৌঁছতে পেরেছিলেন, সে বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি। ‘সিডনি মর্নিং হেরাল্ড’-এর প্রতিবেদন অনুযায়ী, কিছু ইনফ্লুয়েন্সার অনলাইনে মোদীর সফরকালীন বিভিন্ন স্থানে তাঁর গতিবিধির তথ্য শেয়ার করেছিলেন, যা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, মোদীর অস্ট্রেলিয়া সফরের আগে সোশ্যাল মিডিয়ায় একটি হুমকি বার্তাকে কেন্দ্র করেও চাঞ্চল্য তৈরি হয়েছিল। এই ঘটনার পর প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে। প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এবং বাণিজ্য, প্রতিরক্ষা, খনিজ সম্পদ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন।