বারাসত ওভারব্রিজ কাঁপছে, আতঙ্কিত নিত্যযাত্রীরা; বিধায়ক দিলেন দ্রুত মেরামতির আশ্বাস

বারাসত ওভারব্রিজে কম্পন ও ফাটল ঘিরে আতঙ্ক। বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায় দ্রুত মেরামতির আশ্বাস দিলেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন নিত্যযাত্রীরা।

Share:

ব্যুরো নিউজ, ১০ জুলাই ২০২৬ঃ উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতের গুরুত্বপূর্ণ রেল ওভারব্রিজে গাড়ি চলাচলের সময় কম্পন অনুভূত হওয়ায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। নিত্যযাত্রী, পথচারী এবং গাড়িচালকদের দাবি, ব্রিজের দু’টি অংশের সংযোগস্থলে ফাঁক তৈরি হয়েছে এবং গাড়ি চললে ব্রিজটি দুলছে। এই ঘটনা সামনে আসতেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চাঁপাডালি মোড়ের তিতুমীর বাসস্ট্যান্ড থেকে কলোনি মোড়ের সংযোগকারী এই ওভারব্রিজটি প্রতিদিন হাজার হাজার মানুষ ও অসংখ্য ছোট-বড় যানবাহনের একমাত্র ভরসা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের আগে কয়েক সপ্তাহ ব্রিজটি বন্ধ রেখে সংস্কারের কাজ করা হয়েছিল। কিন্তু অল্পদিনের মধ্যেই ফের এমন বেহাল চিত্র সামনে আসায় সংস্কারের মান নিয়ে প্রশ্ন উঠছে। খবর পেয়েই এদিন ঘটনাস্থল পরিদর্শনে আসেন বারাসতের বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়। তিনি জানান, ব্রিজের বর্তমান অবস্থা নিয়ে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় মেরামতির কাজ শুরু করা হবে। ইঞ্জিনিয়াররা অবশ্য জানিয়েছেন, ব্রিজের কিছু কাজ এখনও বাকি রয়েছে, যা দ্রুত সম্পূর্ণ করা হবে।

তাঁদের দাবি, বর্তমানে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নেই এবং বিষয়টি প্রযুক্তিগত ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে প্রশাসনের আশ্বাসে পুরোপুরি আশ্বস্ত নন সাধারণ মানুষ। তাঁদের মতে, প্রতিদিনের হাজার হাজার যানবাহন চলাচলকারী এই গুরুত্বপূর্ণ রেল ওভারব্রিজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বারাসতবাসী এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে বাস্তবে মেরামতির কাজ শেষ হয় এবং তাঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন।