ব্যুরো নিউজ, ১৩ জুলাই ২০২৬ : কলকাতা হাই কোর্ট তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’ গোষ্ঠীর পক্ষভুক্ত হওয়ার আবেদন খারিজ করে দিয়েছে। সোমবার বিচারপতি কৃষ্ণা রাও এই সংক্রান্ত মামলার শুনানিতে ঋতব্রতপন্থীদের আর্জি নাকচ করে দেন। আদালতের পর্যবেক্ষণ, তৃণমূলের কর্তৃত্বের বিষয়টি যেহেতু বর্তমানে নির্বাচন কমিশনের কাছে বিচারাধীন, তাই এই মুহূর্তে আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তৃণমূলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার পর কালীঘাট তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল। তাঁদের পক্ষে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি আদালতকে জানান, এর আগে ৯ জুলাই বিচারপতি সৌগত ভট্টাচার্য এই মামলাকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিলেন। সিংভি আরও উল্লেখ করেন যে, ৭ জুলাই ইডি তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে এবং এখন পর্যন্ত মোট আটটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে।
অভিষেক মনু সিংভি বলেন, মে মাসের ৪ তারিখের আগে এই অ্যাকাউন্ট থেকেই টাকা নিয়ে প্রার্থীরা নির্বাচনে লড়েছিলেন, তখন কোনও অভিযোগ ছিল না। কিন্তু ১৮ জুন একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৯ জুন অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। তাঁর দাবি, একটি রাজনৈতিক দলের কাজকর্ম বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ঋতব্রতপন্থীদের পক্ষভুক্ত হওয়ার আবেদন খারিজ হওয়ায় মামলার জটিলতা আরও বাড়ল।








