ব্যুরো নিউজ, ১৪ জুলাই ২০২৬ঃ আদালত অবমাননার দায়ে বিপাকে পড়লেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কলকাতা হাইকোর্ট তাঁকে ২০০০ টাকা জরিমানা করেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। আগামী চার সপ্তাহের মধ্যে এই জরিমানা পরিশোধ করতে হবে, অন্যথায় তিন দিনের কারাবাস হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বিশেষ বেঞ্চ।
২০২৫ সালের এপ্রিলে উচ্চ প্রাথমিকে সুপারনিউমেরারি পদে নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানির সময় তৎকালীন বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাস নিয়ে সংবাদমাধ্যমে মন্তব্য করেছিলেন কুণাল ঘোষ। হাইকোর্টের পর্যবেক্ষণ, কুণালের সেই মন্তব্য বিচারপতির নিরপেক্ষতা ও স্বাধীনতার উপর সরাসরি আঘাত হেনেছে এবং বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করতে পারে। আদালত আরও জানিয়েছে যে কুণাল এক দিকে ক্ষমা চাইলেও, অন্য দিকে নিজের বক্তব্যকে সঠিক বলে ব্যাখ্যা করেছেন, যা তাঁর ক্ষমা প্রার্থনাকে ‘প্রকৃত’ বলে মনে হয়নি।
এই স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলায় কুণাল ঘোষ ছাড়াও উচ্চ প্রাথমিকের রাজু দাস-সহ সাত জন চাকরিপ্রার্থীকে ১০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। আদালত তাঁদের প্রতি ‘নমনীয়’ অবস্থান নিয়েছে, কারণ তারা হতাশার কারণে এই ঘটনায় জড়িয়ে পড়েছিলেন। এই শাস্তি প্রসঙ্গে কুণাল ঘোষ জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং বিতর্কিত ঘটনার নিন্দা করেছেন। তিনি আইন মেনে চলেন এবং মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী আইনি পদক্ষেপ নেবেন।








