ব্যুরো নিউজ, ২১ সেপ্টেম্বর ২০২৬: বসিরহাটে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর জনসভার পরই বড়সড় ভাঙন দেখা গেল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এ। রবিবার উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়াতে প্রায় ১০০০ আইএসএফ কর্মী ও সমর্থক জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন। এই গণযোগদান রাজ্যের রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, বিশেষত আসন্ন উপনির্বাচনের আবহে।
জানা গেছে, উত্তর ২৪ পরগনা জেলা গ্রামীণ টু সভাপতি শিবমাল্য বোস, বসিরহাট জেলা সভাপতি বাবু গাজী এবং জেলা নেতৃত্ব বিজন সরকারের হাত ধরে এই বিপুল সংখ্যক কর্মী জাতীয় কংগ্রেসে শামিল হন। এছাড়াও উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার সমস্ত ব্লক নেতৃত্ব সহ আবু হক মোল্লা খোকন, বাগবুল ইসলাম, হাফেজ আসকার আলি, সাহেব মন্ডল, মামুদ হোসেন গাজী সহ শতাধিক নেতা-কর্মী। এই যোগদান অনুষ্ঠানে কংগ্রেসের পক্ষ থেকে এক উৎসবের মেজাজ লক্ষ্য করা যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সময়ের সঙ্গে সঙ্গে রাজ্যে জাতীয় কংগ্রেসের রাজনৈতিক প্রাসঙ্গিকতা অনেকটাই গুরুত্ব পাচ্ছে, যা এই দলবদলের মধ্য দিয়ে আরও একবার স্পষ্ট হল। গতকাল রবিবার বসিরহাটের দুই নম্বর ব্লকের রাজাপুরে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর প্রকাশ্য জনসভার পরেই এই গণযোগদান আইএসএফ-এর জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘটনা রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে এবং আগামী দিনে কংগ্রেসের শক্তি বৃদ্ধিতে সহায়ক হতে পারে বলে পর্যবেক্ষক মহল মনে করছে। এই দলবদল কংগ্রেসের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে এবং রাজ্যের রাজনীতিতে তাদের অবস্থান আরও মজবুত করতে সাহায্য করবে।








