বসিরহাটের হাড়োয়ায় বধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ

বসিরহাটের হাড়োয়ায় বধূ শরিফা খাতুনের ঝুলন্ত দেহ উদ্ধার। পরিবারের অভিযোগ, তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ।

Share:

ব্যুরো নিউজ, ২১ সেপ্টেম্বর ২০২৬:  বসিরহাটের হাড়োয়া থানার মাজমপুর গ্রামে ১৯ বছর বয়সী বধূ শরিফা খাতুনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ, এটি খুন। স্বামী শুকুর আলী লস্কর ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ।

জানা গেছে, মিনাখার শরিফার বিয়ে হয়েছিল হাড়োয়ার মাজমপুরের শুকুর আলীর সঙ্গে। বিয়ের পর থেকেই শরিফার উপর অত্যাচার চালানো হত বলে বাপের বাড়ির দাবি। ১৮ মাস বয়সী পুত্র সন্তান হওয়ার পরেও অত্যাচারের মাত্রা কমেনি। শরিফাকে ঠিকমতো খাওয়া-পরা দেওয়া হত না এবং প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হত। গতকাল সন্ধ্যায় শরিফার বাপের বাড়ির লোকজন তার আত্মহত্যার খবর পান। এরপর হাড়োয়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে তারা শরিফার নিথর দেহ বারান্দায় পড়ে থাকতে দেখেন। পুলিশ দেহ উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতার পরিবারের সদস্যরা দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এবং হাড়োয়া থানায় অভিযোগ দায়েরের কথা বলেছেন।

বিজেপি নেতা পার্থ চ্যাটার্জি ঘটনাটিকে মর্মান্তিক আখ্যা দিয়ে নিরপেক্ষ তদন্ত ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে এবং তদন্ত শুরু হয়েছে।