ব্যুরো নিউজ, ১৫ জুলাই ২০২৬ঃ সাতসকালে দুর্গাপুরের অন্ডালে ঘটল এক ভয়াবহ দুর্ঘটনা। শ্যামসুন্দরপুর কোলিয়ারি এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ইসিএলের প্রায় ৭০ বছরের পুরনো একটি জলের ট্যাঙ্ক। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইসিএলের দুই কর্মরত কর্মী, সঙ্গীতা দেবী এবং প্রভাবতী ভুঁইঞা। তাঁদেরকে দ্রুত দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে আচমকা এই ট্যাঙ্কটি ভেঙে পড়ে। সেই সময় দুই কর্মী ঘটনাস্থলে আটকে পড়েন। স্থানীয়দের তৎপরতায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই এই জলের ট্যাঙ্কটির রক্ষণাবেক্ষণের অভাব নিয়ে অভিযোগ করে আসছিলেন। তাঁদের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষের চরম গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়দের বক্তব্য, এর আগেও বহুবার ট্যাঙ্কটি মেরামতের দাবি জানানো হয়েছিল, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সৌভাগ্যবশত, বড় কোনও প্রাণহানি ঘটেনি। তাঁরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পৌঁছেছে দুর্গাপুর থানার পুলিশ। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই কেন্দা এরিয়ার ৭/৯ নম্বর পীট কোলিয়ারি এলাকার ইসিএলের একটি জলের ট্যাঙ্কও ভেঙে পড়েছিল, যা প্রায় ৫০০ পরিবারের পানীয় জলের উৎস ছিল। সেই ঘটনাতেও স্থানীয়রা প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলেছিলেন। অন্ডালের এই ঘটনা আবারও কর্তৃপক্ষের উদাসীনতার চিত্র তুলে ধরল।








