ব্যুরো নিউজ, ১৬ জুলাই ২০২৬ : ইরান ও আমেরিকার মধ্যে চলা সংঘাত নতুন মাত্রা পেল। তেহরানের দাবি, মার্কিন সামরিক বাহিনী ইরানের আহওয়াজ় এলাকার একটি শিশুদের ক্যান্সার হাসপাতাল লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই প্রথম সেখানে কোনও হাসপাতালকে নিশানা করা হল বলে জানিয়েছে ইরান। এই ঘটনা আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB-এর প্রতিবেদন অনুযায়ী, আহওয়াজ়-এর শহিদ বাঘাই হাসপাতালের কাছাকাছি এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এই হাসপাতালেই ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসা করা হয়। মার্কিন হামলার পর হাসপাতাল থেকে রোগী ও কর্মীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। শিশুদের নিরাপত্তার স্বার্থে বহু পরিবার রাস্তায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে। হামলার সময় তীব্র বিস্ফোরণ ও প্রবল কম্পনের কারণে আতঙ্কিত হয়ে অনেক রোগী ও তাঁদের আত্মীয়রা হাসপাতাল ছেড়ে পালিয়ে যান।
বর্তমানে কেবল গুরুতর অসুস্থ রোগীরাই সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ইরানের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং এটিকে যুদ্ধাপরাধের সমতুল্য বলে আখ্যা দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই আমেরিকা ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত অবস্থানে হামলা চালাচ্ছে। এর আগে বন্দর আব্বাস, কিশ দ্বীপ এবং কুয়েতের সামরিক ঘাঁটিতেও হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে শিশুদের হাসপাতালকে নিশানা করার অভিযোগ দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।








