বর্ষার সেরা ঠিকানা: ওড়িশার খান্ডাধার জলপ্রপাত, যেখানে প্রকৃতি ডাকে শান্তির বার্তা

ওড়িশার সুন্দরগড় জেলার মনোরম খান্ডাধার জলপ্রপাত, যা বর্ষায় হয়ে ওঠে এক অফবিট শান্তির আশ্রয়। কীভাবে যাবেন, কোথায় থাকবেন, বিস্তারিত জানুন।

Share:

ব্যুরো নিউজ, ১৮ জুলাই ২০২৬ঃ বর্ষার স্নিগ্ধতা উপভোগ করতে চাইলে ওড়িশার সুন্দরগড় জেলার খান্ডাধার জলপ্রপাত হতে পারে আপনার আদর্শ গন্তব্য। সবুজ বনভূমি আর পাখির কলতানে ঘেরা এই মনোরম স্থান পর্যটকদের কাছে এক অফবিট শান্তির আশ্রয়। ২৪৪ মিটার উঁচু এই জলপ্রপাতটি রাজ্যের দ্বিতীয় এবং ভারতের দ্বাদশ সর্বোচ্চ জলপ্রপাত, যা করপানি নালা থেকে উৎপন্ন হয়ে তলোয়ারের মতো আকৃতি ধারণ করেছে। বর্ষাকালে খান্ডাধারের রূপ আরও কয়েকগুণ বেড়ে যায়, জলধারা পূর্ণ উদ্যমে প্রবাহিত হয় এবং চারপাশের প্রকৃতি প্রাণবন্ত হয়ে ওঠে। এখানকার ঘন জঙ্গলে শাল, সেগুন, পলাশ সহ প্রায় ৬০০ প্রজাতির গাছ এবং প্রচুর ওষধি উদ্ভিদ দেখা যায়। জীববৈচিত্র্যের দিক থেকেও এটি একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে হাতি, ভাল্লুক, শিয়াল, নেকড়ে ও বন্য শূকরের মতো প্রাণীর অবাধ বিচরণ।

কলকাতা বা হাওড়া থেকে খান্ডাধার পৌঁছানোর সহজ উপায় হল কেন্দুঝড় (কেওনঝড়) বা রৌরকেল্লা পর্যন্ত ট্রেনে যাওয়া, তারপর সড়কপথে গন্তব্যে পৌঁছানো। হাওড়া বা শালিমার থেকে ধৌলি এক্সপ্রেস বা জন শতাব্দী এক্সপ্রেসে যাজপুর কেন্দুঝড় রোড স্টেশনে নেমে গাড়ি ভাড়া করা যায়। কলকাতা থেকে সড়কপথে প্রায় ৪৯৫ কিলোমিটার দূরত্ব ৮-৯ ঘণ্টায় অতিক্রম করা সম্ভব। থাকার জন্য খান্ডাধার ইকো-ট্যুরিজম ক্যাম্পে তাঁবু ও রিসর্টের ব্যবস্থা রয়েছে। এছাড়া কেন্দুঝড় শহরেও বিভিন্ন বাজেট হোটেল পাওয়া যায়। বর্ষা থেকে অক্টোবর মাস পর্যন্ত খান্ডাধার ভ্রমণের উপযুক্ত সময়। এই জলপ্রপাতের পাশাপাশি টেনসা ভ্যালি, গুডগুডা জলপ্রপাত এবং দুংলাই পাহাড়েও ঘুরে আসা যেতে পারে।