ব্যুরো নিউজ, ১৮ জুলাই ২০২৬ঃ তৃণমূল কংগ্রেসের (TMC) অভ্যন্তরে ফের চরম অস্বস্তি। দলত্যাগীদের দলে ফেরানো হলে তিনি দল ছেড়ে দেবেন, এই মর্মে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কড়া শর্ত বেঁধে দিলেন প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। সম্প্রতি বাঁকুড়ায় ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিয়ে শ্রীরামপুরের সাংসদ এই বিস্ফোরক মন্তব্য করেন। তাঁর এই হুঁশিয়ারি দলের অন্দরে নতুন করে জল্পনা তৈরি করেছে।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, “যে যেখানে যাচ্ছে যাক। যে যেখানে ভাল থাকে থাকুক। তবে আমি মমতাদিকে বলে দিয়েছি, এদের যদি আবার দলে ফিরিয়ে নেওয়া হয়, তাহলে আমি দল ছেড়ে চলে যাব।” তাঁর এই মন্তব্যে দলত্যাগী নেতাদের প্রতি তাঁর তীব্র ক্ষোভ স্পষ্ট। তিনি আরও দাবি করেন, ‘ওয়ান নেশান ওয়ান ভোট’ বিল পাশের জন্যই বিজেপি দলত্যাগীদের কিনে নিয়েছে। ২০২৯ সালে লোকসভা ভোটের পাশাপাশি বাংলায় বিধানসভা ভোটও হলে এই ‘দু-মুখো’ নেতারা প্রার্থী হতে পারবেন না বলেও তিনি মন্তব্য করেন। একই মঞ্চ থেকে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রও (Mahua Moitra) দলত্যাগীদের নিশানা করেন।
তিনি বলেন, বিজেপি নেতারা যাদের বিরুদ্ধে লড়াই করেছেন, তাদের এখন দলে নিতে পারছেন না। তাই একটি বাফার জোন বানিয়ে এদের রাখা হয়েছে। ২০২৯ সালে এদের সবার মেয়াদ শেষ হবে এবং তারা না তৃণমূলের হবে, না বিজেপির। ২০২৬ সালের বিধানসভা ভোটের পর তৃণমূল যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন কল্যাণ ও মহুয়ার এই কড়া অবস্থান তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।








