ব্যুরো নিউজ, ১৮ জুলাই ২০২৬ঃ রাজ্যের সরকারি স্কুলগুলিতে বিদ্যুতের খরচ কমাতে এবং সবুজ শক্তির ব্যবহার বাড়াতে এক বিরাট পরিকল্পনা হাতে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের প্রায় ৮১ হাজার সরকারি বিদ্যালয়ে সৌরশক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বিদ্যুতের খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। সম্প্রতি কলকাতার একটি হোটেলে আয়োজিত ‘এনার্জি মিট ২০২৬ অ্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে রাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মণ এই পরিকল্পনার কথা ঘোষণা করেন।
মন্ত্রী দীপক বর্মণ জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হল শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আরও পরিবেশবান্ধব করে তোলা এবং দীর্ঘমেয়াদি বিদ্যুতের খরচ কমানো। তিনি বলেন, নবায়নযোগ্য শক্তির প্রসার ঘটানো এখন সময়ের দাবি। এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ সুরক্ষিত হবে, তেমনই রাজ্যের বিদ্যুৎ খাতেও সাশ্রয় হবে। এই বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাজ্য সরকার বিভিন্ন শিল্প সংস্থার কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) তহবিল থেকে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে। এছাড়াও, কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির কাছেও বাংলায় সৌরবিদ্যুৎ প্রকল্পে আরও বেশি বিনিয়োগ করার অনুরোধ করা হয়েছে।
মন্ত্রী বিশ্বাস করেন, এই পদক্ষেপ রাজ্যে সবুজ জ্বালানি, পরিবেশবান্ধব শিল্প এবং নতুন বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উল্লেখ্য, এর আগেও রাজ্য সরকার স্কুলগুলির উন্নয়নে একাধিক পদক্ষেপ নিয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অ্যানিমেশন, ভিএফএক্স ইত্যাদি শেখানোর জন্য ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। এবার ৮১ হাজার সরকারি স্কুলে সৌর প্যানেল বসানোর এই পরিকল্পনা রাজ্যের শিক্ষাব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।








