শুভেন্দুর দলত্যাগের কারণ ফাঁস করলেন রাজীব! কাঠগড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

শুভেন্দু অধিকারীর তৃণমূল ছাড়ার আসল কারণ ফাঁস করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ আনলেন তিনি।

Share:

ব্যুরো নিউজ, ১৮ জুলাই ২০২৬ঃ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের অন্দরের অস্বস্তি আরও প্রকট হচ্ছে। দলের রাজ্য সাধারণ সম্পাদক রাজীব বন্দ্যোপাধ্যায় এবার বিস্ফোরক দাবি করে শুভেন্দু অধিকারীর দলত্যাগের নেপথ্য কারণ ফাঁস করলেন। তাঁর অভিযোগের মূল লক্ষ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজীব সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছেন, অভিষেককে দল থেকে সরিয়ে দেওয়ার জন্য।

রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি কেন জানি না বুঝতে পারছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় করে যাচ্ছেন। আমি দিদিকে হাত জোর করছি যে দয়া করে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঘের বাচ্চা বানাবেন না। কারণ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে দলটার এই অবস্থা হয়েছে।” তিনি আরও দাবি করেন, “নির্বাচনে এই ভরাডুবির জন্য কেউ দায়ী নয়, একমাত্র একজনই দায়ী। তাঁর নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে ইমিডিয়েট মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত বর্জন করা।”

শুভেন্দু অধিকারীর দলত্যাগের প্রসঙ্গে রাজীব স্পষ্ট জানান, “অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই যুবর দায়িত্ব দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে তাড়িয়ে দেওয়া হয়েছিল।” তিনি শুভেন্দুর ভূয়সী প্রশংসা করে বলেন, “আজকে শুভেন্দু অধিকারী, আমি তো বলব, বরঞ্চ আজকে ভাল হয়েছে শাপে বর হয়েছে। আজকে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে। তাঁর যোগ্যতা ছিল, সে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে।” রাজীবের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।