শুভেন্দু সরকারের সপ্তম পে কমিশন গঠিত, ৬ মাসের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ

রাজ্যে গঠিত হলো সপ্তম পে কমিশন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার বেতন, DA ও পেনশন খতিয়ে দেখতে এই কমিশন গঠন করল। ৬ মাসের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ।

Share:

ব্যুরো নিউজ, ২২ জুলাই ২০২৬ : পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু অধিকারীর সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পরই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। বেতন-ভাতা, মহার্ঘ ভাতা (DA) এবং পেনশন সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখে আগামী ছয় মাসের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে এই কমিশনকে। অবসরপ্রাপ্ত আইএএস অফিসার অতনু চক্রবর্তীকে কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে।

এছাড়াও, সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলো ড. পার্থ মুখোপাধ্যায় এবং আইআইএম কলকাতার অর্থনীতির অধ্যাপক ড. পার্থ প্রতিম পাল সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন। আইএএস দেবীপ্রসাদ করনমকে মেম্বার সেক্রেটারি পদে রাখা হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, কমিশন সুপারিশ তৈরির সময় কেন্দ্রীয় সরকার ও অন্যান্য রাজ্যগুলির বেতন কাঠামো, রাজ্যের বর্তমান আর্থিক সামর্থ্য, সরকারি আয়-ব্যয়ের পরিস্থিতি এবং অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশগুলিও বিবেচনা করতে পারবে।

রাজ্য সরকারি কর্মীদের বর্তমান বেতন কাঠামো, মহার্ঘ ভাতা, বিভিন্ন বিশেষ ভাতা, ভ্রমণ ভাতা, পদোন্নতির নীতি এবং পেনশন ও অন্যান্য সুবিধাগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করবে কমিশন। এর পাশাপাশি, বর্তমান কর্মীদের নতুন বেতন কাঠামোয় প্রাথমিক বেতন নির্ধারণ এবং পেনশনভোগীদের পেনশন সংশোধনের পদ্ধতি নিয়েও মতামত দেবে এই কমিশন। এই পদক্ষেপ রাজ্য সরকারি কর্মীদের মধ্যে আশার সঞ্চার করেছে।