ব্যুরো নিউজ, ২৯ জুলাই ২০২৬ : অসমের বন্যা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হচ্ছে। গত পাঁচ দশকের মধ্যে এই বছরই উত্তর-পূর্বের এই রাজ্য বন্যার সব থেকে ভয়ঙ্কর রূপের সাক্ষী। অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের (ASDMA) সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৫-এ দাঁড়িয়েছে। রাজ্যের ৬২২টি গ্রামের ৩ লক্ষ ৩২ হাজার ৬৩৯ জন মানুষ প্রবল দুর্ভোগে দিন কাটাচ্ছেন। প্রায় ৪৫,৩৪১.৯৮ হেক্টর কৃষিজমি এখনও জলের তলায়।
সূত্রের খবর, চলতি বছরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে শিবসাগর জেলায়, যেখানে মৃত্যুর সংখ্যাও সবথেকে বেশি। বর্তমানে শিবসাগর, গোলাঘাট, জোরহাট, চরাইদেও-সহ একাধিক জেলা এখনও বন্যার প্রভাবে বিপর্যস্ত। প্রবল বর্ষণে ব্রহ্মপুত্র ও তার উপনদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। হাজার হাজার পরিবার ঘরছাড়া হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা এককালীন আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। এছাড়াও, এক লক্ষেরও বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে অবিলম্বে ১৫,০০০ টাকা করে নগদ সাহায্য দেওয়া হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনা যাতে ব্যাহত না হয়, তার জন্য বিশেষ শিক্ষা সহায়তা (Student Grant) দেওয়ার কথাও জানানো হয়েছে। বন্যার প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রতিনিধি দল অসমের বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন শুরু করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অসমের বন্যা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। রাজ্য প্রশাসন, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা, পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলি যৌথভাবে উদ্ধার ও ত্রাণকাজ চালিয়ে যাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকায় জলস্তর আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।








